ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চ্যালেঞ্জে হেরে গেলেন সালাউদ্দিন

চ্যালেঞ্জে হেরে গেলেন সালাউদ্দিন
×

কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫ | ১৪:৪৫

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) জমা হয়েছে তাঁর পদত্যাগপত্র। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সালাউদ্দিনের পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দুবাই থেকে ফোনে একটি টিভি চ্যানেলকে জানান, সালাউদ্দিনের পদত্যাগ গ্রহণ করা হবে। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘সে (সালাউদ্দিন) আয়ারল্যান্ড সিরিজের পর পদত্যাগ করতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা নিজেরা অভ্যন্তরীণভাবে আলোচনা করে পরবর্তী মন্তব্য করব।’

২০২৪ সালের নভেম্বরে জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে সহকারী কোচ হিসেবে খণ্ডকালীন নিয়োগ পান সালাউদ্দিন। এ বছর চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে নতুন করে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ দেওয়া হয় তাঁকে। এর ছয় মাসের মাথায় সালাউদ্দিনের চাকরি ছাড়ার সিদ্ধান্তে বিস্মিত অনেকে। ক্রিকেট-সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় দলের ব্যাটিং ব্যর্থতায় ক্রিকেট বোর্ডের ভেতরে-বাইরে হওয়া সমালোচনার চাপ নিতে পারছিলেন না তিনি। তাই জাতীয় দলের চাকরি ছেড়ে আগের জায়গায় ফিরে যেতে চান। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং মাসকো-সাকিবে কাজ করার সুযোগ আছে তাঁর।

সালাউদ্দিনের এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে বলে মনে করেন বিসিবির কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেন, ‘সম্প্রতি মিডিয়া ও সামাজিক মাধ্যমে সালাউদ্দিনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের যে অভিযোগ উঠেছে, সেগুলোর ব্যাপারে গোপনে খোঁজ নিচ্ছিলেন বিসিবি সভাপতি (আমিনুল ইসলাম বুলবুল)। এই বিষয়টি জানার পর অভিমান হয়েছে সিনিয়র সহকারী কোচের। তিনি মনে করছেন, জাতীয় দলে কাজের পরিবেশ নেই। তাই নিজের সম্মান নিয়ে সরে যেতে চাচ্ছেন তিনি।’

ওয়েস্ট ইন্ডিজের দুটি টি২০ বিশ্বকাপজয়ী দলের কোচ ছিলেন ফিল সিমন্স। তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেন বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ। অভিযোগ আছে, বিশ্বকাপজয়ী কোচের কাছ থেকে শেখার পরিবর্তে সাজঘরে বেশির ভাগ সিদ্ধান্ত সালাউদ্দিন নিজে নিয়েছেন। জাতীয় দল সূত্রের খবর, অনুশীলন, গেম প্ল্যানের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁর মতকে গুরুত্ব দিতে হতো বলে জানা গেছে। এই বিষয়গুলো দলের ভেতরে বিভেদ বাড়িয়েছে বলে গুঞ্জন।

এক সংবাদ সম্মেলনে সালাউদ্দিনের কাছে তাঁর কাজের পরিধি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন, সহকারী কোচ হলেও ক্রিকেটারদের ব্যাটিং দেখার দায়িত্ব তাঁর। এ কারণে মেহেদী হাসান মিরাজদের জন্য আলাদা করে ব্যাটিং কোচ নিয়োগ দেওয়া হয়নি। অথচ গত এক বছরে সাদা বলের ক্রিকেটে ব্যাটিং খারাপ হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটিং ভালো করেনি দল। এশিয়া কাপ টি২০তে সাইফ হাসান ছাড়া রান করতে পারেননি বাকিরা। ব্যাটিং ব্যর্থতার কারণে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে আফগানিস্তানের কাছে। শ্রীলঙ্কা সফরেও ওয়ানডে দলের ব্যাটিং পারফরম্যান্স কাঙ্ক্ষিত মানে ছিল না।

এশিয়া কাপে লিটন কুমার দাস ইনজুরিতে পড়ায় আফগানিস্তানের বিপক্ষে টি২০ দলের অধিনায়ক করা হয়েছিল জাকের আলীকে। উইকেটরক্ষক এই ব্যাটারকে অধিনায়ক করার পেছনে কোচ সালাউদ্দিনের ভূমিকা ছিল বলে বিশ্বাস বিসিবি কর্মকর্তাদের। এই বিষয়গুলোর কারণে সমালোচনার তীর ছুটেছে তাঁর দিকে। জাতীয় দলের অন্দর ও বাইরের চাপ নিতে না পেরে হয়তো ক্লান্ত ছিলেন সিনিয়র সহকারী কোচ।

বিসিবি সেখানে মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে। এই অভিমান থেকেও চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন সালাউদ্দিন। যদিও এ ব্যাপারে জানতে চেয়ে তাঁকে বেশ কয়েকবার ফোন করা হলে সাড়া দেননি। অথচ নিয়োগ পাওয়ার পর জাতীয় দলকে এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিয়েছিলেন সালাউদ্দিন। প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্যাটারদের ধারাবাহিকতায় ফেরাবেন। তিনি পথপ্রদর্শক হতে চেয়েছিলেন দেশি কোচদের।

২০২৪ সালে জাতীয় দলের কোচিং স্টাফে যোগ দিয়ে তিনি বলেছিলেন, ‘আমি যদি কাজটা ঠিকভাবে করতে পারি, পরের কোচদের জন্য বড় একটা পথ খেলা হয়ে যাবে। আমার যে সমাজ, যে কোচ, সেই কোচদের পথ দেখানোর বড় একটা দায়িত্ব আমার ওপর পড়ে গেছে এবং সেটাকেই আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমি যদি ভালো করতে পারি, পরের কোচদের অনেক জায়গাতেই পথ খুলে যাবে।’ গত বছর ৫ নভেম্বর জাতীয় দলে নিয়োগ পেয়েছিলেন, ২০২৫ সালের ৫ নভেম্বর চাকরি ছাড়ার ঘোষণা দিলেন সালাউদ্দিন।  

আরও পড়ুন

×