আফগানদের কাছে টানা দ্বিতীয় হার বাংলাদেশের
ছবি- বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫ | ১৮:৫৮
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রাজশাহীতে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ৪৭ রানে হেরে পাঁচ ম্যাচের সিরিজটিও হাতছাড়া করল স্বাগতিকরা। এই হারে বাংলাদেশ সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ল। ফলে শেষ ম্যাচে জিতলেও সিরিজ জেতা আর সম্ভব না।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৪৯.৩ ওভারে ২৫৮ রানে অলআউট হয়। দলের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন ফয়সাল শিনোজাদা। ১১৬ বলে ১১২ রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। এছাড়া ১০০ বলে ৭২ রানের ইনিংস খেলেন উজাইরউল্লাহ নিজারাই। এই দুজন বাদে বাকিরা কেউ ২০ রানও করতে পারেননি। বাংলাদেশের পক্ষে পেসার ইকবাল হোসেন ইমন একাই ৫১ রানে ৬ উইকেট নেন।
২৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মাত্র ৪০ রানেই প্রথম ৬ ব্যাটারকে হারায় যুবা টাইগাররা। দুই অঙ্ক ছুঁতে পারেন কেবল রিফাত বেগ (১০) ও জাওয়াদ আবরার (১০)। কার্যত সেখানেই ম্যাচ থেকে ছিটকে পড়ে স্বাগতিকরা।
তবে সপ্তম উইকেটে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে অবিশ্বাস্য লড়াই করেন মোহাম্মদ আব্দুল্লাহ ও দেবাশীষ সরকার। দুজনই তুলে নেন হাফ সেঞ্চুরি। দেবাশীষ ৬১ বলে ৫১ রান করে ফিরলেও এক প্রান্ত আগলে রাখেন আব্দুল্লাহ। শেষ ওভারে আউট হওয়ার আগে তিনি ১৬০ বলে ৯৫ রানের এক লড়াকু ইনিংস খেলেন। শেষ পর্যন্ত বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২১১ রানে থামলে ৪৭ রানের জয় পায় আফগানিস্তান। আফগানদের পক্ষে আব্দুল আজিজ খান ৪টি উইকেট নেন।
- বিষয় :
- বাংলাদেশ-আফগানিস্তান
