ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অভিষেকের বিশ্বরেকর্ডের দিনে বৃষ্টির বাধায় পরিত্যক্ত ম্যাচ

অভিষেকের বিশ্বরেকর্ডের দিনে বৃষ্টির বাধায় পরিত্যক্ত ম্যাচ
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫ | ১৮:১৩ | আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ | ১৮:৪৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরুটা হয়েছিল বৃষ্টিতে, শেষটাও হলো ঠিক সেভাবেই। ব্রিসবেনে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। তবে খেলা পুরোপুরি ভেসে যাওয়ার আগেই বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে তিনি ছুঁয়েছেন এক হাজার রানের মাইলফলক। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় সফরকারী ভারত।

শনিবার ব্রিসবেনে টস হেরে ব্যাট করতে নেমে ভারত উড়ন্ত সূচনা করে। দুই ওপেনার শুভমান গিল ও অভিষেক শর্মা ৪.৫ ওভারেই দলের বোর্ডে ৫২ রান যোগ করেন। এরপরই বৃষ্টি হানা দেয়। গিল ১৬ বলে ২৯ এবং অভিষেক ১৩ বলে ২৩ রানে অপরাজিত থাকার সময়ই খেলা বন্ধ হয়ে যায়। দীর্ঘ দুই ঘণ্টা অপেক্ষার পরও বৃষ্টি না থামায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

এই সংক্ষিপ্ত ইনিংস খেলার পথেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম (বলের হিসাবে) ১০০০ রান করার বিশ্বরেকর্ড গড়েন অভিষেক শর্মা। এই মাইলফলকে পৌঁছাতে তিনি খেলেছেন মাত্র ৫২৮ বল। এর মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ার টিম ডেভিডের (৫৬৯ বল) গড়া সাম্প্রতিক রেকর্ডটি ভেঙে দেন। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ভারতেরই অধিনায়ক সূর্যকুমার যাদব (৫৭৩ বল)।

বলের পাশাপাশি ইনিংসের হিসাবেও অভিষেক দ্রুততম ভারতীয়দের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। ১০০০ রান করতে তার লেগেছে ২৮ ইনিংস। ভারতের হয়ে দ্রুততম ২৭ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছিলেন বিরাট কোহলি।

পাঁচ ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচটিও বৃষ্টিতে ভেসে যায়। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ৪ উইকেটে জিতলেও, পরের দুই ম্যাচ জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভারত। শেষ ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় এই ব্যবধানেই সিরিজ জিতে নিল সূর্যকুমার যাদবের দল। পুরো সিরিজে দুর্দান্ত পারফর্ম করে (মোট ১৬২ রান) সিরিজসেরার পুরস্কারও জিতেছেন অভিষেক শর্মা।

আরও পড়ুন

×