ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিদায় বেলায় গামিনিকে সম্মানিত করলেন মাঠকর্মীরা

বিদায় বেলায় গামিনিকে সম্মানিত করলেন মাঠকর্মীরা
×

গামিনি ডি সিলভা। ছবি- বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫ | ১৯:২৮

দীর্ঘ ১৬ বছর ধরে মিরপুরের সবুজ ঘাস, উইকেট আর আউটফিল্ডের যত্ন নিয়েছেন। সেই লঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভা অবশেষে বাংলাদেশ ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন। শনিবার শেষবারের মতো মিরপুরের মাঠে পা রাখেন তিনি। যেখানে তাকে আবেগঘন বিদায় জানান তার দীর্ঘদিনের সহকর্মী ও মাঠকর্মীরা।

গামিনির বিদায় উপলক্ষে এদিন দুটি পৃথক সংবর্ধনার আয়োজন করা হয়। প্রথমে মিরপুর স্টেডিয়ামের মাঠকর্মীরা ‘হোম অব ক্রিকেট’-এর সবুজ গালিচাতে তাদের প্রিয় ‘গামিনি স্যার’কে বিদায় জানান। এই সময় মাঠকর্মী ও সহকর্মীদের উপহার ও ভালোবাসায় সিক্ত হন তিনি, অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। পরে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে অফিসে ডেকে আনুষ্ঠানিক বিদায় জানায় এবং তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়।

৬৫ বছর বয়সী গামিনির এই বিদায় অবশ্য কিছুটা বিতর্কের মধ্যেই হলো। ২০০৯ সালে বিসিবিতে যোগ দেওয়ার পর থেকে তিনি দেশের প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে গত সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মিরপুরের ‘মানহীন’ পিচ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। পাকিস্তান দলের পক্ষ থেকে প্রকাশ্যে উইকেটের মান নিয়ে অভিযোগ তোলা হয়।

সেই সমালোচনার জেরেই গামিনিকে মিরপুরের প্রধান কিউরেটরের পদ থেকে সরিয়ে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বদলি করা হয় এবং মিরপুরের দায়িত্ব দেওয়া হয় অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিংয়ের হাতে। চলতি বছরের জুলাইয়ে তার সঙ্গে নতুন করে এক বছরের চুক্তি করেছিল বিসিবি। তবে সেই চুক্তির ৯ মাস বাকি থাকতেই তিনি দেশে ফিরে যাচ্ছেন। 

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গামিনির ১৬ বছরের মেয়াদে বাংলাদেশে ৩২টি টেস্ট, ১০৬টি ওয়ানডে এবং ৬৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ২০১১ বিশ্বকাপ, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং একাধিক এশিয়া কাপ ও বিপিএলের পিচও তার তত্ত্বাবধানেই তৈরি হয়েছে।

আরও পড়ুন

×