এশিয়ান আর্চারির সভাপতি বাংলাদেশের চপল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫ | ১৯:৩৯ | আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ | ১৯:৪৫
বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।
শনিবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার কংগ্রেসে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে চপলের প্রতিদ্বন্দ্বী ছিলেন দক্ষিণ কোরিয়ার ‘হেভিওয়েট’ প্রার্থী থমাস হান। তিনি এশিয়ান আর্চারির বর্তমান সাধারণ সম্পাদক। বিশ্বের অন্যতম বৃহৎ কোম্পানি হুন্দাই গ্রুপের ভাইস প্রেসিডেন্টও।
এশিয়ার আর্চারির বর্তমান সভাপতি চুং এবার প্রার্থী হননি। তিনি সশরীরে ঢাকায় উপস্থিত না থাকায় অনলাইনে ভোটিংয়ে অংশ নেন। ভোটাভুটিতে কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল ২৯ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে থমাস পান মাত্র ৯ ভোট।
বিপুল ব্যবধানে চপলের এই বিজয়ের ঘোষণা আসতেই ইন্টারকন্টিনেন্টাল হলে হাততালির রোল পড়ে। এর আগে চপল দুই মেয়াদে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রথম সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া আজকের নির্বাচনে বাংলাদেশের আরও দুই জন নির্বাচিত হয়েছেন। এশিয়া প্যারা আর্চারির সভাপতি হয়েছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভির আহমেদ। আর আর্চার কোচ নূরে আলম এশিয়ান আর্চারির কোচেস কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
- বিষয় :
- আরচারি
