কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিলেন ১০ সাঁতারু
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫ | ২১:৪৮
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ঘাট-কুতুবদিয়া দরবার ঘাট পর্যন্ত পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিয়েছেন ১০ সাঁতারু। শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং (বিওডব্লিউএস) এর আয়োজনে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংগঠনটি তিন বছর ধরে এই চ্যানেলে সাঁতার প্রতিযোগিতা আয়োজন করে আসছে।
বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং সূত্র জানায়, দেশের বিভিন্ন প্রান্তের ১০ জন সাঁতারু কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিতে নিবন্ধন করেন। তাঁরা হলেন ফাহিম আহমেদ খান, নাছির আহমেদ, খন্দকার শওকত ওসমান, মো. নাজমুল হক, এস আই এম ফেরদৌস আলম, আব্দুল্লাহ আল সাবিত, রাব্বি রহমান, মো. মোজ্জিম হোসেন, মোহামদ তাইওয়ার ও মো. আল আমিন।
১২টা ৪ মিনিটে গন্তব্য স্থান দ্বীপাঞ্চল কুতুবদিয়ার দরবার জেটিতে পৌঁছান ১৮ বছর বয়সী রাব্বি রহমান। এক ঘন্টা ৬মিনিট সাঁতার কেটে দ্বিতীয় হন নাজমুল হক। তৃতীয় সাঁতারু হিসেবে শ্বাসরুদ্ধকর মুহুর্তে এক ঘন্টা ৭ মিনিটে কুতুবদিয়া গিয়ে মাটি ছুঁয়ে নেন এস আই এম ফেরদৌস আলম।
কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিয়ে সাঁতারু নাজমুল হক হিমেল বলেন, কুতুবদিয়া চ্যানেলের জোয়ার-ভাটার টান উপেক্ষা করে সাঁতারুরা তাঁদের অসাধারণ দক্ষতা ও মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছেন। সকলের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর মাধ্যমে ইভেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আমি ইংলিশ চ্যানেল সফলভাবে পাড়ি দিয়েছিলাম। আজ কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিলাম। খুবই ভালো লাগছে।
১ ঘণ্টা ৪ মিনিটে কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিয়ে সাঁতারু রাব্বি রহমান বলেন, আমি তিনবার বাংলা চ্যানেল পাড়ি দিয়েছি। এবার কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিলাম। আগামীতে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার স্বপ্ন আছে। অন্য চ্যানেলের পানি নীল বা স্বচ্ছ থাকে। কুতুবদিয়া চ্যানেলের পানি ঘোলাটে ও বালুময়। একারণে একটু সমস্যা হয়েছিল। তবে গাইডদের নির্দেশনায় সঠিকভাবে চ্যানেল পাড়ি দিতে পেরেছি।
আয়োজকেরা জানান, এই ধরনের চ্যালেঞ্জিং ইভেন্ট আয়োজনের মূল লক্ষ্য হলো মানুষের মধ্যে সাঁতারের গুরুত্ব ও সচেতনতা বাড়ানো। পাশাপাশি এটি কক্সবাজার অঞ্চলে নদীভিত্তিক পর্যটন এবং ওয়াটার স্পোর্টসকে আরও জনপ্রিয় করতে সহায়ক হবে। এই দুঃসাহসিক প্রতিযোগিতা ভবিষ্যতে আরও বেশি মানুষকে সাঁতার শিখতে এবং জলপথের প্রতি আগ্রহী করে তুলবে।
- বিষয় :
- সাঁতার
