ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অলিম্পিকে ক্রিকেট: বাংলাদেশের জন্য কঠিন পথ

অলিম্পিকে ক্রিকেট: বাংলাদেশের জন্য কঠিন পথ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫ | ১৩:১৫

লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির সিদ্ধান্ত হয়েছে আরও আগে। নারী ও পুরুষ বিভাগে ছয়টি করে দল অংশ নেওয়ার বিষয়টিও নির্ধারিত হয়ে গেছে। দুবাইয়ে আইসিসির বৈঠকে চূড়ান্ত হয়েছে সেই ছয় দলের যোগ্যতা অর্জনের মাপকাঠি। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল আইসিসির টি২০ ফরম্যাটের র‍্যাঙ্কিংয়ে প্রথম ছয়টি দল অলিম্পিকে সুযোগ পাবে। তবে র‍্যাঙ্কিংয়ের হলে সব মহাদেশের প্রতিনিধিত্ব নাও থাকতে পারে। সে ক্ষেত্রে ক্রিকেটের প্রসার সম্পর্কে ভুল ধারণা করতে পারে অলিম্পিক কর্তৃপক্ষ। তাই অলিম্পিকের মতো বিশ্বজনীন আসরে সব মহাদেশের প্রতিনিধিত্ব গুরুত্ব পেয়েছে গতপরশু শেষ হওয়া আইসিসির দুই দিনব্যাপী বৈঠকে।

ঠিক হয়েছে, আইসিসির পাঁচটি অঞ্চল থেকে একটি করে দেশ অলিম্পিক খেলার সরাসরি ছাড়পত্র পাবে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে। যেমন– এশিয়া অঞ্চল থেকে আইসিসির টি২০ র‍্যাঙ্কিংয়ে ভারত এক নম্বরে ও পাকিস্তান রয়েছে চতুর্থ স্থানে। এই নিয়ম অনুযায়ী পাকিস্তান সেরা ছয়ে থাকার পরও সরাসরি সুযোগ পাবে না। ওশেনিয়া অঞ্চল থেকে নিউজিল্যান্ড র‍্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে থাকলেও সরাসরি সুযোগ পাবে না, যদি অস্ট্রেলিয়া তাদের থেকে এগিয়ে থাকে। তার মানে হলো, একটি অঞ্চল থেকে যে দলটি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে, কেবল সে দলটিই সরাসরি খেলবে। ষষ্ঠ দলটি বাছাইপর্বের মধ্য দিয়ে বেছে নেওয়া হবে। 

বৈঠকের পর আইসিসির এক কর্তা জানান, ‘এবারের বৈঠকে অলিম্পিকে অংশ নেওয়া দলগুলো কীভাবে বাছাই করা হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। ঠিক হয়েছে র‍্যাঙ্কিংয়ে অঞ্চলভিত্তিক এগিয়ে থাকা পাঁচটি দল সুযোগ পাবে। বাছাইপর্ব থেকে আসবে ষষ্ঠ দলটি। আইসিসি উপযুক্ত সময়ে বিস্তারিত জানাবে।’
 
আইসিসির বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী এশিয়া থেকে ভারত, ওশেনিয়া থেকে অস্ট্রেলিয়া, ইউরোপ থেকে ইংল্যান্ড, আফ্রিকা থেকে দক্ষিণ আফ্রিকা ও আমেরিকা অঞ্চল থেকে উইন্ডিজ– এই পাঁচ দল সরাসরি অলিম্পিক খেলার সুযোগ পাওয়ার কথা। আবার আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রও দাবিদার। এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। 

জানানো হয়েছে, খেলা হবে টি২০ ফরম্যাটে। সব মিলিয়ে ২৮টি ম্যাচ হবে। প্রতিটি দলে ১৫ জন ক্রিকেটার থাকতে পারবেন। কারণ অলিম্পিক কমিটি ইভেন্টপ্রতি ৯০ জন ক্রীড়াবিদের অনুমোদন দিয়েছে। ২০২৮ সালের ১২ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত হবে ক্রিকেট ম্যাচগুলো। নারী বিভাগে পদকের ম্যাচ হবে ২০ জুলাই ও পুরুষদের ২৯ জুলাই। খেলাগুলো হবে লস অ্যাঞ্জেলেস থেকে ৫০ কিমি দূরে পোমোনার ফেয়ার গ্রাউন্ডে।

আরও পড়ুন

×