বিকেএসপিতে যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫ | ১৫:৫৩ | আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ | ১৬:০২
তরুণ প্রজন্মকে আত্মরক্ষায় সক্ষম করে তুলতে দেশব্যাপী ‘যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ’ কর্মসূচি শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রোববার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, তরুণরাই একটি জাতির সবচেয়ে বড় শক্তি। তিনি ৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে বলেন, ‘বাংলাদেশের তরুণ সমাজ সবসময়ই দেশের প্রতিটি সংকট ও পরিবর্তনের কেন্দ্রবিন্দু। প্রতিটি ঐতিহাসিক অধ্যায়ে তরুণরাই ছিলেন অগ্রভাগে। ভয়াবহ বন্যা দেখা দিলেও তরুণরাই প্রথমে মানুষের পাশে ছুটে গেছেন।’
এই প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, ‘দেশের তরুণ-তরুণীরা প্রায়ই নানা ধরনের ঝুঁকি ও সহিংসতার মুখোমুখি হন। বিশেষ করে নারী ও কিশোরীরা অনেক সময় যৌন হয়রানি ও সহিংসতার শিকার হন। আত্মরক্ষার মৌলিক প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস ও নিরাপত্তা উভয়ই বৃদ্ধি করবে। এছাড়া, প্রশিক্ষণপ্রাপ্ত এই তরুণরা দেশের সংকটকালে স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করতে পারবেন।’
কিছু মহল থেকে এই প্রশিক্ষণ নিয়ে সমালোচনা হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘এই প্রশিক্ষণ সম্পূর্ণই একটি নাগরিক সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি। এর উদ্দেশ্য হলো আত্মরক্ষা, মানবিকতা ও নাগরিক দায়িত্ববোধ গড়ে তোলা।’
বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
