ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লিভারপুল-সিটি দ্বৈরথে গার্দিওলার ১০০০ ম্যাচ

লিভারপুল-সিটি দ্বৈরথে গার্দিওলার ১০০০ ম্যাচ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫ | ১৬:০৯

পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটির দায়িত্ব নিয়েছেন ২০১৬ সালে। তিনি ইংল্যান্ডে আসার পর সবসময় যে ক্লাবটির কাছ থেকে চ্যালেঞ্জের মুখে পড়েছেন, সেটি হলো লিভারপুল। অলরেড বস ইয়ুর্গেন ক্লপের সঙ্গে গার্দিওলার দ্বৈরথ প্রিমিয়ার লিগের এক স্মরণীয় অধ্যায়। 

গত মৌসুম থেকে ক্লপের জায়গায় লিভারপুলের দায়িত্ব নিয়েছেন আর্নে স্লট। তাই বলে চ্যালেঞ্জ কমেনি। প্রথম মৌসুমেই সিটিকে তিনে ঠেলে লিগ শিরোপা জিতে নিয়েছিলেন স্লট। সেই লিভারপুলের মুখোমুখি আজ সিটি। কাকতালীয়ভাবে চিরশত্রুদের বিপক্ষে এই ম্যাচটি আবার সিটি বস গার্দিওলার কোচিং ক্যারিয়ারের হাজারতম ম্যাচ। মাইলফলকের ম্যাচে লিভারপুলকে পেয়ে বেশ খুশি এ স্প্যানিশ কোচ। ইংল্যান্ডে কাজ করা কোচদের মধ্যে ৩৮ জন এ মাইলফলক স্পর্শ করেছেন। যেখানে আছেন স্যার অ্যালেক্স ফার্গুসন, আর্সেন ওয়েঙ্গারের মতো কিংবদন্তি।

২০০৭ সালে বার্সেলোনা ‘বি’ দলের কোচ হিসেবে যাত্রাটা শুরু করেছিলেন গার্দিওলা। প্রমোশন পেয়ে বার্সা মূল দলের দায়িত্ব নিয়ে ক্লাব ফুটবলের প্রায় সব শিরোপাই জিতেছিলেন। সেখান থেকে যান জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে। এরপর সাড়ে ৯ বছর ধরে আছেন সিটিতে। ৫৪ বছর বয়সী গার্দিওলা কোচ হিসেবে ৯৯৯ ম্যাচের মধ্যে জিতেছেন ৭১৫টিতে। তিন দেশে ১২টি লিগ শিরোপা, তিনটি চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য ট্রফি জিতেছেন। 

গার্দিওলা বলেন, ‘এই ব্যক্তিগত মাইলফলকের জন্য একটি প্রতিপক্ষকে বেছে নিতে বললে, অবশ্যই আমি সেরা দলটিকে বেছে নিতাম। লিভারপুল, বিশেষ করে ইয়ুর্গেন ক্লপের সময়ে ছিল আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। আমার মনে হয়, আমরা লিভারপুলকে আরও ভালো হয়ে উঠতে সাহায্য করেছি। তারাও আমাদের পরের ধাপে যেতে সহায়তা করেছে।’ 

তিনি যেসব ক্লাবে কোচিং করিয়েছেন, সেগুলোর মধ্যে বার্সার প্রভাব তাঁর মাঝে সবচেয়ে বেশি বলেছেন। কাতালান ক্লাবটিতে বল বয় হিসেবে শুরু করেছিলেন, এরপর খেলোয়াড় এবং সর্বশেষ কোচ হিসেবে সেখানে ছিলেন। এ মাইলফলকের ম্যাচে গার্দিওলার প্রধান অস্ত্র দুরন্ত ছন্দে থাকা আর্লিং হালান্ড। এই গোলমেশিন চলতি মৌসুমে সিটির হয়ে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে ১৪ ম্যাচে ১৮ গোল করেছেন। আশ্চর্যজনকভাবে লিভারপুলের বিপক্ষে মোটেই সফল নন তিনি। এখন পর্যন্ত আট ম্যাচে মাত্র ৩ গোল করেছেন। 

আরও পড়ুন

×