দোষীদের বিন্দুমাত্র ছাড় নয়: বুলবুল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫ | ১১:৩২ | আপডেট: ১০ নভেম্বর ২০২৫ | ১২:২৪
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কয়েক দিন ধরে স্বস্তিতে নেই। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় যোগ দিতে দুবাই যাওয়ার পর থেকে একের পর এক ঘটনা ঘটছে। জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগপত্র জমা দেন। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগেই নতুন করে তোলপাড় জাতীয় দলের সাবেক নারী ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে।
গতকাল রোববার ঢাকার একটি পাঁচতারা হোটেলে ক্রিকেটের যে সম্মেলন হলো, তার সংবাদ সম্মেলনজুড়ে থাকল জাহানারা আলমসহ ভুক্তভোগী নারী ক্রিকেটারদের অভিযোগ প্রসঙ্গ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ভুক্তভোগীদের পক্ষ নিয়ে বলেন, ‘জিরো টলারেন্স।’ নারী ক্রিকেটকে অবহেলিত বলে উল্লেখ করেন তিনি। ‘নারী উইং আমার কাছে বরাবরই মনে হয়েছে অবহেলিত, নারী পরিচালকই নেই। আগামীতে বোর্ডে নারী পরিচালক বাড়লে খুশি হব।’
বৈষম্যের অভিযোগ তুলে দেশের ক্রিকেট ছেড়ে অস্ট্রেলিয়ায় ক্লাব ক্রিকেট খেলতে গেছেন জাহানারা আলম। সিডনি থেকে দেশের ক্রিকেট নিয়ে সম্প্রতি মুখ খোলেন তিনি। মঞ্জুরুল হেনস্তা করেন বলে জানান। এ বিষয়টি খতিয়ে দেখতে বিচারপতি (অব.) তারিক উল হাকিমকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির দুই সদস্য হলেন ব্যারিস্টার সরওয়ার সিরাজ শুক্লা ও বিসিবি পরিচালক রুবাবা দৌলা।
বিসিবি সভাপতি বুলবুল গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘একটি মাধ্যমে আমরা অভিযোগের বিষয়টি দেখেছি। যদিও আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ দেয়নি। এরপরও উচ্চ ক্ষমতাসম্পন্ন নিরপেক্ষ তদন্ত কমিটি করা হয়েছে। এখানে রুবাবা দৌলাকে রাখা হয়েছে বিসিবির বিষয়গুলো কনভে করার জন্য। তারা সর্বোচ্চ স্বাধীনভাবে কাজ করবেন।’ বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে কমিটি। বিসিবির পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদকে একটি কপি দেবেন তারা।
- বিষয় :
- জাহানারা আলম
- বিসিবি
- আমিনুল ইসলাম বুলবুল
