ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পদকের লড়াইয়ে ইরানের মেয়েদের দাপট

পদকের লড়াইয়ে ইরানের মেয়েদের দাপট
×

এশিয়ান আরচারিতে ইরানের মেয়েদের জয় উদযাপন। ছবি: সংগৃহিত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫ | ২১:২১

সর্বশেষ আসরে কোনো পদক পায়নি বাংলাদেশ। ঘরের মাঠে এশিয়ান আরচারি বলে এবার পদকের আশা ছিল। সোমবার পদক জয়ের সম্ভাবনা জাগিয়েও পারেননি বাংলাদেশের আরচাররা।

জাতীয় স্টেডিয়ামে কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে ব্রোঞ্জের লড়াইয়ে ইরানের সঙ্গে পেরে ওঠেনি বন্যা আক্তার, কুলসুম আক্তার ও পুষ্পিতা জামানকে নিয়ে গড়া বাংলাদেশ। রোমাঞ্চকর লড়াইয়ের পর ইরানের কাছে ২২৭-২২৪ পয়েন্টে (৫৪-৫৬, ৫৮-৫৬, ৫৭-৫৭, ৫৫-৫৮) হেরেছে বাংলাদেশ।

এর ফলে চলতি আসরে নিজেদের প্রথম পদক পেল ইরান। কম্পাউন্ড নারী বিভাগের ফাইনালে ১৩ নভেম্বর মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ কোরিয়া।

কম্পাউন্ড নারী দলগত বিভাগে শুরুটা ভালো ছিল বাংলাদেশের। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে কাজাখস্তানকে ২৩০-২২৬ স্কোরে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল দল। সেমিফাইনালে ভারতের কাছে ২৩৪-২২৭ স্কোরে হেরে যায়। 

ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে ইরানের সঙ্গে লড়াই করেও জিততে না পারার হতাশা বন্যা আক্তারের, ‘আমরা শুরুটা ভালো করলে ম্যাচটা জিততে পারতাম। ইরানের সঙ্গে এই মাঠেই টিম খেলেছিল। ওই ম্যাচে আমি ছিলাম না। তবে হেরেছিলাম। এবার জিততে হবে- এমন লক্ষ্য স্থির করেছিলাম। বাতাস ছিল, কিন্তু তেমন প্রভাব পড়েনি। চাপ ছিল না। মনের মধ্যে আনন্দ কাজ করছে যে টিম মেটদেরও বলাবলি করছিলাম মেডেল নিব আমরা, কিন্তু হয়নি। এশিয়া কাপে এই ইভেন্টে এর আগে ফাইনালে উঠেছিলাম। আজ (সোমবার) ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে হেরেছি। পরের ম্যাচে লক্ষ্য থাকবে কী কারণে হেরেছি, সেই ভুল করব না। আজকে আমাদের দুর্বল পয়েন্ট ছিল– শুরু ভালো হয়নি। ব্যক্তিগত এককেও সেরাটা দিতে চাই। সেটা দিতে পারলে পদক জিতব আশা করি।’

রিকার্ভ পুরুষ দলগত বিভাগে শুরুটা ভালো হলেও পরে ছন্দ ধরে রাখতে পারেনি সাগর ইসলাম, রাকিব মিয়া ও রামকৃষ্ণ সাহাকে নিয়ে গড়া বাংলাদেশ দল। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে ভিয়েতনামকে ৬-০ সেট পয়েন্টে (৫৫-৫২, ৫৩-৫২, ৫৬-৫২) উড়িয়ে দেয় বাংলাদেশ। কিন্তু সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দল ৫-৩ সেট পয়েন্টে (৫৩-৫৩, ৫৫-৫৩, ৫৪-৫৯, ৫৪-৫৬) দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যায়। রিকার্ভ পুরুষ দলগত বিভাগের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়েছে উজবেকিস্তান। এই ইভেন্টের স্বর্ণপদকের লড়াইয়ে ১৪ নভেম্বর মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া ও ভারত।

আরও পড়ুন

×