কোচ আশরাফুল কি অতিথি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫ | ১০:৫৯ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ | ১১:৩৭
এতদিন বাইরে থেকে মিডিয়ায় দলের হারজিতের বিশ্লেষণ করেছেন। মতামত দিয়েছেন ভালো-মন্দের, এবার তিনি ড্রেসিংরুমের একজন। ব্যাটিং কোচের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে মোহাম্মদ আশরাফুল। এবার দলের পারফরম্যান্সের সঙ্গেই মিশে থাকবে তাঁর নতুন অধ্যায়ের প্রথম চ্যালেঞ্জ। ড্রেসিংরুমে কেমন লাগছে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের উপস্থিতি? জানতে চাওয়া হয়েছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে। ‘খুবই এক্সাইটেড আমরা সবাই, তাঁর অভিজ্ঞতা, এত বছর খেলেছেন। এখন কোচ হয়ে এসেছেন, টিভিতে খেলা দেখেছি। ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ হয়নি, এবার হচ্ছে।’
শুরুর এই সৌজন্যতাটুকু দেখিয়ে পরের যে কথাগুলো বলেন শান্ত, তাতেই দ্বিধা থেকে যায়। ‘তবে আমি যতদূর জানি তিনি এই সিরিজের জন্য এসেছেন। খুবই কঠিন, কতটুকু আসলে টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করতে পারবেন। আশা করি, তাঁর অভিজ্ঞতা আমাদের কাজে দেবে।’
তাহলে কি শান্তরা ধরেই নিয়েছেন মাত্র এক সিরিজের অতিথি হয়ে এসেছেন আশরাফুল? তিনি তাদের ব্যাটিং টেকনিকের কিছুই করতে পারবেন না? এই সিরিজের জন্য যেমন মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দেওয়া হয়েছে, তেমনি দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও জানিয়েছেন দিয়েছেন এটাই তাঁর শেষ সিরিজ। অথচ শান্তর কথায় সালাউদ্দিনকে রেখে দেওয়ার আবদার।
‘বোর্ডের সঙ্গে তাঁর (সালাউদ্দিন) কী আলোচনা হয়েছে, সেটা আমি জানি না। তবে আমার সঙ্গে তাঁর কথা হয়েছে। আশা করি, বোর্ড ও তাঁর মধ্যে ভালোভাবে বিষয়টা সমাধান হবে। স্যার সবাইকে সমানভাবে দেখেন, যার যেখানে ঘাটতি থাকে সেখানে কাজ করেন। এই জায়গায় একটা শূন্যতা তৈরি হবে।’ কোচ সালাউদ্দিনের বিপক্ষে সংবাদমাধ্যমে যেসব অভিযোগ উঠে এসেছিল, তার একটি এমন– তিনি নেটে শান্ত আর লিটনকে নিয়েই বেশি সময় দেন।
এবার সিলেটেও নেটে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের চেয়ে তিনিই বেশি সক্রিয় ছিলেন নেটে ব্যাটসম্যানদের সঙ্গে। শান্ত কি তবে আশা করছেন তাঁর মতো কোচ সালাউদ্দিনের মানও ভাঙাতে এগিয়ে আসবেন বোর্ড কর্তারা? আশরাফুল কি তাহলে শুধুই মেন্টর হিসেবে দলের সঙ্গে এই সিরিজে? যার কাজ শুধুই পর্যবেক্ষণ করে যাওয়া আর নিজের অভিজ্ঞতার গল্প শুনিয়ে যাওয়া! ঠিক এখানেই চ্যালেঞ্জ থাকছে আশরাফুলের সামনে। ব্যাটিং কোচের ভূমিকায় তাঁকে সক্রিয় থাকতে হবে। এমনিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট আর তিন ম্যাচের টি২০ এই সিরিজটি সেভাবে ব্যাটসম্যানদের জন্য কঠিন হওয়ার কথা নয়। তবে এই সিরিজে দাপটের সঙ্গে খেলতে না পারলে আশরাফুলকেও সমালোচনা শুনতে হতে পারে।
- বিষয় :
- মোহাম্মদ আশরাফুল
- বিসিবি
- ব্যাটিং কোচ
