‘আমার পছন্দে উইকেট বানাইনি’, বিসিবির দিকেই আঙুল তুললেন গামিনি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ | ১২:১৮ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ | ১২:২৪
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ১৬ বছরের সম্পর্ক ছিন্ন করার পর মিরপুরের বহুল সমালোচিত উইকেট নিয়ে অবশেষে মুখ খুললেন সাবেক প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা। তার বিরুদ্ধে ওঠা ‘স্লো ও লো’ উইকেট বানানোর সব অভিযোগ তিনি সরাসরি বিসিবি এবং টিম ম্যানেজমেন্টের ওপর চাপিয়েছেন। তার সাফ কথা, তিনি কখনোই নিজ পছন্দে উইকেট তৈরি করেননি বরং বোর্ডের নির্দেশনাতেই ‘হোম অ্যাডভান্টেজ’ নেওয়ার জন্য এমন উইকেট বানাতে হয়েছে।
সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে গামিনি বলেন, ‘যারা সমালোচনা করেছে, তারা ক্রিকেট বোর্ডের কেউ না। বাইরের লোকেরা কথা বলেছে। যা কিছু করা হয়েছে, সবই স্বাগতিকতার সুবিধা নেওয়ার জন্য। বিসিবি পরিচালকরা যে নির্দেশনা দিতেন, আমি সেটা অনুসরণ করেছি। আমি নিজে থেকে কিছু করিনি। কারণ এখানে আমার কোনো স্বার্থ নেই। আমাকে এখানে রাখাই হয়েছে বাংলাদেশের ক্রিকেটের চাহিদা পূরণের জন্য। আমি সুস্পষ্ট করে বলতে চাই– আমার পছন্দে কোনো দিন উইকেট তৈরি করিনি।’
২০২১ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের উইকেট নিয়ে যে তীব্র সমালোচনা হয়েছিল, সে বিষয়েও মুখ খুলেন গামিনি। তিনি জানান, ওই সিরিজ দুটি জেতা বোর্ডের জন্য খুব জরুরি ছিল। গামিনির ভাষায়, ‘ওখানে আমার কোনো ভূমিকা বা ভুল নেই। বিসিবি ওই সিরিজ দুটি জিততে চেয়েছে। নির্বাচক, ক্রিকেট পরিচালনা বিভাগ, গ্রাউন্ডস কমিটি, টিম ম্যানেজমেন্ট সবাই স্লো ও লো উইকেট চেয়েছিল। কারণ ওই সিরিজ জেতায় বাংলাদেশ সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল। বোর্ড থেকে তো আমাকে কিছু বলেনি, তারা বরং ধন্যবাদ দিয়েছে সিরিজ জেতায়।’
পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজের পিচ নিয়েও তার একই ব্যাখ্যা। তিনি জানান, টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই ঘাস তুলে ফেলা হয়েছিল এবং বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল।
দীর্ঘদিন এক জায়গায় কাজ করায় তার কিছু শত্রু তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন এই শ্রীলঙ্কান। তিনি বলেন, ‘এক জায়গায় লম্বা সময় থাকলে, ভালো কাজ করলে কিছু শত্রু তৈরি হয়। ওই মানুষগুলো পেছনে কথা বলত এবং আমার ক্ষতি করার চেষ্টা থাকত। আমি খারাপ হলে, খারাপ কাজ করলে ১৬ বছর বাংলাদেশ কিউরেটর থাকতে পারতাম না। বিসিবি আমার কাজে খুশি ছিল বলেই থাকা সম্ভব হয়েছে।’
২০১০ সালে বিসিবিতে যোগ দেওয়া গামিনি সম্প্রতি পাকিস্তান সিরিজের পিচ নিয়ে বিতর্কিত হওয়ার পর মিরপুর থেকে বদলি হন এবং শেষ পর্যন্ত চুক্তি শেষ হওয়ার ৯ মাস আগেই দায়িত্ব ছাড়লেন।
- বিষয় :
- বিসিবি
- গামিনি ডি সিলভা
