ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘কারও আশীর্বাদে ১৬ বছর চাকরি করিনি’

‘কারও আশীর্বাদে ১৬ বছর চাকরি করিনি’
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ | ১৪:৩৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ১৬ বছরের সম্পর্ক গুটিয়ে শ্রীলঙ্কায় ফিরে গেছেন সাবেক প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা। তার বিরুদ্ধে ওঠা সবচেয়ে বড় অভিযোগ ছিল, তিনি বিসিবির সাবেক প্রভাবশালী পরিচালক মাহবুবুল আনামের সুপারিশ ও আশীর্বাদপুষ্ট হয়ে এতদিন চাকরি টিকিয়ে রেখেছিলেন। সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে গামিনি এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন।

বিসিবিতে তার নিয়োগ প্রসঙ্গে গামিনি বলেন, ‘দেখুন, আমাকে এখানে এনেছেন বিসিবির সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল। ওই সময় মাহবুবকে (মাহবুবুল আনাম) আমি চিনতামই না। আমি নাজমুল হোসেন পাপন, ফারুক আহমেদ ও আমিনুল ইসলামের সময়ও কাজ করেছি।’

তিনি আরও যোগ করেন, ‘একজন মানুষ অযোগ্য কিউরেটরকে কতদিন সাপোর্ট দিতে পারে? সম্ভব না। যারা বলেন মাহবুবের জোরে থেকেছি, তারা ভুল বলেন। কারও আর্শীবাদপুষ্ট হয়ে ১৬ বছর চাকরি করিনি।’

মাহবুবুল আনামের শ্রীলঙ্কা অফিসে কাজ করতেন গামিনির স্ত্রী। গুঞ্জন আছে, তার স্ত্রীর সুবাদে চুক্তি নবায়ন সহজ হয়েছিল। এমন গুঞ্জনের জবাবে গামিনি বলেন, ‘মানুষ তো কত কিই বলে। রংচং দেওয়ার জন্য যোগসূত্র খোঁজে। তারা জানেই না কোনটা সঠিক। এগুলো ছিল মানুষের কল্পনা। কোনো কিছু সঠিক না। মাহবুবের বিরোধিতা করতে গিয়ে আমাকে জড়িয়েছে কিছু মানুষ।’

গামিনির বিরুদ্ধে বড় অভিযোগ, দেড় দশকে বাংলাদেশে কোনো নতুন কিউরেটর তিনি তৈরি করতে পারেননি। এই সমালোচনারও জবাবে গামিনি তিনি বলেন, ‘অবশ্যই করেছি। কয়েকজন গ্রাউন্ডসম্যান কিউরেটর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সিলেটের কিউরেটর কবিরকে গড়ে তুলেছি। মামুন নেপালের কিউরেটর, চীনে কাজ করছে রাসেল। আরও তিনজন ছেলে দেখবেন শিগগিরই বড় পরিসরে কাজ করবে।’

তিনি আরও জানান, সম্প্রতি সয়েল সায়েন্স থেকে নিয়োগ পাওয়া চারজনকেও তিনি প্রশিক্ষণ দিয়েছেন এবং অনেককে প্রশিক্ষণের জন্য দুবাইও পাঠিয়েছেন।

আরও পড়ুন

×