জাহানারার অভিযোগ তদন্তে কমিটির পরিধি বাড়ল
নারী ক্রিকেটার জাহানারা ও সাবেক নির্বাচক মঞ্জু (ডানে)।
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ | ২০:৪১ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ | ২০:৪৮
বাংলাদেশের নারী ক্রিকেটার জাহানারা আলম এক সাক্ষাৎকারে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। তার অভিযোগ তদন্তে গত রোববার তিন সদস্যের কমিটি গঠন করে (বিসিবি)। বুধবার ওই কমিটির সদস্য আরও দু’জন বাড়ানো হয়েছে।
বিসিবি এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। কমিটির নতুন দুই সদস্য হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান বাংলাদেশ আইন কমিশনের সদস্য অধ্যাপক ড. নাইমা হক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান।
এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিমকে তদন্ত কমিটির আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিতে ছিলেন বিসিবি পরিচালক রুবাবা দৌলা এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
এই তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন ও সুপারিশ জমা দিতে বলা হয়েছে। এর আগে এক সাক্ষাৎকারে জাহানারা অভিযোগ করে বলেন, নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন। তাকে অনৈতিক প্রস্তাব দেওয়া হয়েছে।
এছাড়া জাহানারা তার অভিযোগে নারীদের ক্রিকেট সংশ্লিষ্ট অনেকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। বর্তমান নারী দলে সিন্ডিকেট আছে এমন অভিযোগ তার। নারী দলের অধিনায়ক জ্যোতি জুনিয়র ক্রিকেটারদের সাথে খারাপ ব্যবহার করেন বলেও অভিযোগ তুলেছেন।
