বুমরাহর তোপে প্রোটিয়াদের ধস
সতীর্থ পান্ত ও কুলদীপের সঙ্গে জাসপ্রিত বুমরাহর মাঠ ছাড়ার মুহূর্ত। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫ | ১৫:৫৯
ইডেন গার্ডেনসে ২০১৯ সালের নভেম্বরে গোলাপি বলের টেস্ট খেলেছিল বাংলাদেশ। ছয় বছর পর ইডেনে টেস্ট ফেরালো ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ওই ম্যাচের প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করেছেন জাসপ্রিত বুমরাহ। তার তোপে ৫৫ ওভারে ১৫৯ রানে ধসে গেছে টেস্টের চ্যাম্পিয়ন প্রোটিয়ারা।
শুক্রবার টস জিতে ব্যাটিং নেমে ওপেনিংয়ে ৫৭ রানের জুটি পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ১০.৩ ওভারে রায়ান রিকেলটনকে বোল্ড করে ব্রেক থ্রু দেন বুমরাহ। ওপেনার রিকেলটন ২৩ রানের ইনিংস খেলেন। পরেই ফিরে যান সেট হওয়া অন্য ওপেনার এইডেন মার্করাম। তার ব্যাট থেকে ৩১ রান আসে। তিনিও বুমরাহও শিকার হন।
তিনে নামা ওয়ান মুলদার ও পাঁচে নামা টনি ডি জর্জও সেট হয়ে আউট হন। তারা দু’জনই ২৪ করে রান যোগ করেন। মুলদারকে ফেরান লেগ স্পিনার কুলদীপ যাদব। তার আগে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে (৩) সাজঘরে পাঠান এই লেগি। জর্জি ফিরে যান বুমরাহর লেগ বিফোরের ফাঁদে পড়ে। ৩২.৩ ওভারে ১২০ রানে ৫ উইকেট হারায় সফরকারীরা।
পরের ৩৯ রানে ৫ উইকেট হারিয়ে বিধ্বস্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা। নিচের দিকের ত্রিস্তান স্টাবস (১৫), কাইল ভেরায়েনে (১৬) কিংবা করবিন বোচ (৩) বলার মতো রান করতে পারেননি। প্রথম ইনিংসে ভারতের ডানহাতি পেসার বুমরাহ ১৪ ওভার হাত ঘুরিয়ে ২৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। অন্য পেসার মোহাম্মদ সিরাজ নেন ২ উইকেট।
- বিষয় :
- টেস্ট চ্যাম্পিয়নশিপ
- জাসপ্রিত বুমরাহ
