দেশে প্রথমবারের মতো ‘স্টেডিয়াম আলট্রা-রান’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫ | ১৯:৪৫ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ | ১৯:৪৬
বাংলাদেশের দৌড়ের ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত হতে চলেছে। প্রথমবারের মতো দেশে আয়োজিত হতে যাচ্ছে ‘স্টেডিয়াম আলট্রা-রান’। ‘ঢাকা স্টেডিয়াম রান ২০২৫’ নামের এই ব্যতিক্রমী দৌড় প্রতিযোগিতা আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
প্রচলিত ম্যারাথন বা দৌড় প্রতিযোগিতার কাঠামো থেকে বেরিয়ে এই ইভেন্টটি সম্পূর্ণ ভিন্ন। এখানে নির্দিষ্ট দূরত্বের বদলে দৌড়বিদদের জন্য প্রধান চ্যালেঞ্জ হবে সময়। নির্দিষ্ট সময় ধরে দৌড়ে কে কত বেশি কিলোমিটার অতিক্রম করতে পারেন, তার ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে ফলাফল।
আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতায় সময়ভিত্তিক মোট চারটি ক্যাটাগরি থাকছে। ৩৬ ঘণ্টা, ২৪ ঘণ্টা, ১২ ঘণ্টা এবং ৬ ঘণ্টা। এই চার ক্যাটাগরিতে দেশি-বিদেশি প্রায় ৪০০ জন দৌড়বিদ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আবেদন শুরু হবে আগামীকাল রাত ৮টা থেকে ‘কোস্টাল আলট্রা বাংলাদেশ’-এর ওয়েবসাইটে।
বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সার্বিক সহযোগিতায় ইভেন্টটি আয়োজন করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কোস্টাল আলট্রা বাংলাদেশ’। এই সংগঠনটি গত ফেব্রুয়ারিতে কক্সবাজারের মেরিন ড্রাইভে দেশের ইতিহাসের দীর্ঘতম আলট্রা-ম্যারাথন আয়োজন করে আলোচনায় এসেছিল।
বিশ্বের বিভিন্ন দেশে স্টেডিয়াম আলট্রা-রান নিয়মিত আয়োজিত হলেও, বাংলাদেশে এবারই প্রথম। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশকে বৈশ্বিক দৌড় অঙ্গনে ব্র্যান্ডিং করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা। প্রতিযোগিতায় ৪০০ দৌড়বিদের সহায়তায় প্রায় ২০০ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। দৌড়বিদরা দিনের আলোর পাশাপাশি রাতেও স্টেডিয়ামের ফ্লাডলাইটের আলোয় নিজেদের সক্ষমতার চূড়ান্ত পরীক্ষা দেবেন।
- বিষয় :
- দৌড় প্রতিযোগিতা
