হাসপাতালে শুভমান গিল, কলকাতা টেস্টে আর নামছেন না
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫ | ১৪:২৬
কলকাতা টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে ভারত, কিন্তু এর মধ্যেই বড় দুঃসংবাদ পেল স্বাগতিক শিবির। ঘাড়ের গুরুতর চোটে পড়ে ম্যাচ থেকেই ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক শুভমান গিল। শনিবার দ্বিতীয় দিনের খেলা শেষে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং তিনি এখনও পর্যবেক্ষণে রয়েছেন।
রোববার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে নিশ্চিত করেছে, এই টেস্টে গিলের আর মাঠে নামা হচ্ছে না। হাসপাতাল থেকে ছাড়া পেলেও তিনি বিসিসিআই মেডিক্যাল টিমের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।
শনিবার ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার পর মাত্র ৩ বল খেলেই মাঠ ছাড়েন গিল। সাইমন হার্মারের বল সুইপ করে চার মারার পরই তিনি ঘাড়ের ব্যথায় অস্বস্তি বোধ করেন। জানা গেছে, ক্রিজে আসার আগেই তার ঘাড় ও মেরুদণ্ডে ব্যথা ছিল। ফিজিও মাঠে এসে পরীক্ষা করার পর তাকে ড্রেসিংরুমে ফিরিয়ে নেওয়া হয়। ভারতীয় দলের বোলিং কোচ মর্নে মরকেল গিলের এই চোটকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন।
গিলের অনুপস্থিতিতে ইডেন গার্ডেনসে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক ঋষভ পন্ত। এরই মধ্যে ভারত জয়ের খুব কাছে পৌঁছে গেছে। দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে ১৫৩ রানে অলআউট হয়। প্রথম টেস্ট জিততে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২৪ রান।
তবে এই সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও ভারত স্বস্তিতে নেই। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, স্বাগতিকরা ৭৪ রানে ৬ উইকেট হারিয়ে কিছুটা চাপে রয়েছে। জয় পেতে হলে ভারতের এখনো ৫০ রান প্রয়োজন।
- বিষয় :
- শুভমন গিল
- ভারত
- দক্ষিণ আফ্রিকা
