ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দুই দলের রুদ্ধদ্বার অনুশীলন

দুই দলের রুদ্ধদ্বার অনুশীলন
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫ | ১১:০৯ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ | ১১:৪৪

দুই দলই করেছে ক্লোজডোর অনুশীলন। রোববার অনুশীলন করা ভারতীয় ফুটবল দলের জন্য ছিল নিরাপত্তাবলয়। ক্লোজডোর হওয়ায় বাংলাদেশ কিংবা ভারতের মিডিয়া সেশন ছিল না। তাতে অবশ্য সংবাদ মাধ্যমের আগ্রহের কমতি ছিল না। বিশেষ করে খালিদ জামিলের দলকে অনুসরণ করতে দেখা গেছে অনেক সংবাদ মাধ্যমকে। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন থেকে শুরু করে সবকিছুতেই গোপনীয়তা করছে ভারতীয় ফুটবল দল। 

প্রতিবেশী দেশটির বিপক্ষে ম্যাচটি যেমন আবেগের, তেমনি করে আছে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ। দুই দলই এশিয়ান কাপ বাছাইপর্বের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। তাতে কমেনি বাংলাদেশ-ভারত ম্যাচের উত্তাপ। সবুজ গালিচায় হামজা চৌধুরী-শমিত সোমদের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন গুরপ্রিত সিংহ-সন্দেশ জিংগানরা। তাই তো দুই দলের কাছে এই ম্যাচটি শুধুই একটি ম্যাচ নয়।

শিলংয়ে গত মার্চে অনুশীলন মাঠ নিয়ে বাংলাদেশের সঙ্গে যে খেলা খেলেছিল ভারতীয়রা, হোমগ্রাউন্ডে বাংলাদেশ তা করেনি। ফিফা-এএফসির নিয়মের মধ্যেই সবকিছু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নিয়ম অনুযায়ী অতিথি দল ম্যাচ ভেন্যুতে অনুশীলন করবে খেলার আগের দিন। সেই হিসেবে ম্যাচ ভেন্যু জাতীয় স্টেডিয়ামে আজ শেষ প্রস্তুতি সারবে ভারত। খালিদ জামিল অবশ্য তাঁর দলের সবকিছুই ক্লোজডোরে করছেন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের প্রস্তুতির জন্য ১৩ নভেম্বর ভুটানের বিপক্ষে যে ম্যাচ খেলেছিল, তা ছিল ক্লোজডোরে। সেই খেলায় ভারত জিতেছিল ৬-১ গোলে। একই দিন ঘরের মাঠে বাংলাদেশ ২-২ গোলে ড্র করে নেপালের সঙ্গে। 

২১ বছর ধরে ভারতের বিপক্ষে জিততে না পারা বাংলাদেশ এবার খুব আশাবাদী। শুধু নিজ আঙিনায় ম্যাচ বলেই নয়, হামজা, শমিত, কিউবা, তারিক, জায়ান, জামালের মতো প্রবাসী ফুটবলারদের ঘিরেই এবারের এশিয়ান কাপে প্রথম জয়ের স্বপ্ন দেখছে লাল-সবুজের দলটি। অনেকের চোখে বাংলাদেশ-ভারত লড়াইয়ের ভেতরে অন্য লড়াই হবে হামজা চৌধুরী এবং অস্ট্রেলিয়ান প্রবাসী রায়ান উইলিয়ামসের মধ্যে। যদিও অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশনের অনাপত্তিপত্র গতকাল পর্যন্ত পায়নি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। যদি ছাড়পত্র পায়, তাহলেই শুধু বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন রায়ান। তখন মধ্যমাঠে দুর্দান্ত পারফরম্যান্স করা হামজার দায়িত্ব হবে রায়ানকে আটকানো।

মাত্র ৬ মিনিটেই শেষ হয়ে যায় বাংলাদেশ-ভারত ম্যাচের সাধারণ গ্যালারির টিকিট। তাতেই স্পষ্ট দুই প্রতিবেশীর ফুটবল লড়াইয়ের প্রতি মানুষের কত আগ্রহ। প্রতিযোগিতার বিচারে এই ম্যাচটি স্রেফ আনুষ্ঠানিকতা। কিন্তু লড়াইয়ের ঝাঁজ দুই দলেই কথাতেই ফুটে উঠেছে। শনিবার শমিত সোম যেমন বলেছেন, ভারত ম্যাচটি বিশেষ কিছু। তেমনি করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে দলটির তারকা গোলরক্ষক গুরপ্রিত সিংহও জানিয়েছেন বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে নিজের উন্মাদনার কথা, ‘প্রতিযোগিতা যেমনই হোক, এই ম্যাচের উত্তাপের কোনো পরিবর্তন হবে না। আমাদের জন্য এই ম্যাচটি অনেক বড়। খেলাটি ভারতের বিপক্ষে বলে বাংলাদেশের মানুষের আগ্রহটাও বেশি। মানসিক ও শারীরিকভাবে আমাদের প্রস্তুতি প্রয়োজন; কারণ এটা কঠিন একটি ম্যাচ। মাঠে হয়তো ভালো খেলা নাও হতে পারে, তবে দল হিসেবে সব চ্যালেঞ্জের জন্য আমরা প্রস্তুত। তাদের (বাংলাদেশ) বিপক্ষে আগে যতবারই খেলেছি, ততবারই কঠিন চ্যালেঞ্জে পড়তে হয়েছিল আমাদের।’

গত আগস্টে ভারত জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই দলের মধ্যে নানা পরিবর্তন এনেছেন কোচ খালিদ জামিল। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য দলে রাখেননি ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় তারকা সুনিল ছেত্রীকে। বয়স ও পারফরম্যান্সের কারণে ছেত্রী বাদ পড়েছেন। পাশাপাশি গোলরক্ষক গুরপ্রিত, সন্দেশ জিংগান এবং রাহুল বেকেলের জন্য এই ম্যাচটিই হয়তো ভারতীয় দলে শেষ। ভবিষ্যতের দল গড়ার জন্য তরুণদের অগ্রাধিকার দিচ্ছেন খালিদ। বাংলাদেশের মাটিতে ভারত সর্বশেষ খেলেছিল ২০১৮ সাফ চ্যাম্পিয়নশিপে। সেই দলের হয়ে ঢাকায় এসেছিলেন উইঙ্গার লালিয়ানজুয়ালা চ্যাংগতে। ভারতের বর্তমান জাতীয় দলের মধ্যে লালিয়ানজুয়ালাই একমাত্র ফুটবলার যে কিনা বাংলাদেশের মাটিতে খেলেছেন।

আরও পড়ুন

×