সেই ভুলের জন্য ক্ষমা চাইলেন আকবর
ছবি- এসিসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫ | ২১:৩৯
এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের সেমিফাইনালে ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। তবে মূল ম্যাচের শেষ বলের ভুলটি ভুলতে পারছেন না অধিনায়ক ও উইকেটরক্ষক আকবর আলী। নিজের সেই ভুলের কারণে ম্যাচটি টাই হওয়ায় ম্যাচ শেষে সবার কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
দোহায় অনুষ্ঠিত ম্যাচে শেষ বলে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪ রান। ব্যাটাররা দৌড়ে ২ রান নেওয়ার পর আকবর আলী অযথা বল থ্রো করে বসেন। সেই ওভারথ্রো থেকে ভারত আরও ১ রান পেলে ম্যাচটি টাই হয় এবং গড়ায় সুপার ওভারে। যদিও সুপার ওভারে ভারতকে হারিয়ে শেষ হাসি হাসে বাংলাদেশই।
ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের ভুলের দায় স্বীকার করে আকবর বলেন, ‘শুরুতেই সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমি জানতাম তাদের ৪ রান দরকার ছিল, তবে জানি না আমার মাথায় তখন কী ঘটলো যে বলটা থ্রো করে ফেললাম।’
ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া সতীর্থদের প্রশংসা করতেও ভুলেননি অধিনায়ক। তিনি বলেন, ‘শুরুতে ১৮০ রান হলেই খুশি হতাম। তবে রাব্বি (ইয়াসির আলী) এবং মেহেরব যেভাবে শেষ করেছে, তা দুর্দান্ত ছিল। বোলিংয়ে আমরা উইকেট নিতে চেয়েছিলাম। রিপন মণ্ডলের ১৯তম ওভারটি ছিল অসাধারণ, যা ম্যাচটা আমাদের হাতে এনে দিয়েছিল।’
শেষ ওভারে রাকিবুল হাসানের ওপর ভরসা রাখলেও ফিল্ডিং মিসের কারণে ম্যাচটি কঠিন হয়ে যায় বলে জানান আকবর। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম শেষ ওভারে রাকিবুল কাজটা করে দিতে পারবে, সে করেছিলও। তবে ক্যাচ মিস এবং ফিল্ডিংয়ের কারণে ম্যাচটা সুপার ওভারে চলে যায়। গত ২০ মিনিটে কী হলো এখনও বুঝতে পারছি না।’
এই জয়ে আগামী ২৩ নভেম্বর ফাইনালে পাকিস্তান ‘এ’ অথবা শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। এখন সব ভুল শুধরে ফাইনালের প্রস্তুতির দিকেই মনোযোগ আকবরের।
