সিটিকে স্তব্ধ করে নিউক্যাসলের চমক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫ | ০৮:০৬ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ | ০৮:১২
ইংলিশ প্রিমিয়ার লিগে বড় অঘটনের জন্ম দিল নিউক্যাসল ইউনাইটেড। শনিবার রাতে সেন্ট জেমস পার্কে শক্তিশালী ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে স্বাগতিকরা। নিউক্যাসলের হয়ে জোড়া গোল করে জয়ের নায়ক বনেছেন হার্ভে বার্নস। এই হারে শিরোপার দৌড়ে কিছুটা পিছিয়ে পড়ল পেপ গার্দিওলার দল।
ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে জালের দেখা পায়নি কেউ। তবে দ্বিতীয়ার্ধে জমে ওঠে লড়াই। ৬৪ মিনিটে হার্ভে বার্নসের জোরালো শটে ডেডলক ভাঙে নিউক্যাসল।
অবশ্য পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে সময় নেয়নি ম্যানসিটি। ৬৮ মিনিটে রুবেন দিয়াসের শট প্রতিপক্ষের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে ১-১ সমতায় ফেরে সিটি। কিন্তু সিটির এই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র দুই মিনিট পরেই নিজের দ্বিতীয় গোলটি করে নিউক্যাসলকে আবারও লিড এনে দেন বার্নস। দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর রেফারি গোলের সিদ্ধান্ত বহাল রাখেন।
ম্যাচে সিটিজেনরা বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও ফিনিশিংয়ে ব্যর্থতার মাশুল দিয়েছে। সিটি ১৭টি শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র ৪টি, অন্যদিকে নিউক্যাসলের ৯ শটের ৫টিই ছিল লক্ষ্যে।
পরিসংখ্যান বলছে, গত ২০ বছরে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এটি নিউক্যাসলের মাত্র দ্বিতীয় জয়। এই জয়ে ১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪ নম্বরে উঠে এসেছে নিউক্যাসল। অন্যদিকে, ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকল ম্যানচেস্টার সিটি।
- বিষয় :
- ম্যানচেস্টার সিটি
- নিউক্যাসল ইউনাইটেড
