কুমিল্লায় আবাহনী-মোহামেডান দ্বৈরথ আজ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫ | ১১:৪২ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ | ২৩:০১
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচের কারণে এক মাসের বেশি সময় বন্ধ ছিল বাংলাদেশ ফুটবল লিগ। আন্তর্জাতিক ব্যস্ততার পর শেখ মোরছালিন-তপু বর্মণরা এবার নেমে পড়ছেন ক্লাবের জার্সিতে। সোমবার থেকে শুরু হতে যাচ্ছে প্রিমিয়ার ফুটবল লিগের তৃতীয় রাউন্ড। প্রথম দিনে মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকেল পৌনে ৩টায় শুরু হবে ম্যাচটি। স্পন্সর ছাড়াই আগের দুই রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আনুষ্ঠানিকভাবে পৃষ্ঠপোষক পাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রিমিয়ার লিগের নতুন স্পন্সর পেট্রোনাস।
বিএফএলের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। কিন্তু এবারের প্রতিযোগিতায় এখনও জয়শূন্য সাদা-কালো জার্সিধারীরা। দুই ম্যাচে এক ড্র এবং সমান হারে মাত্র ১ পয়েন্ট আলফাজ আহমেদের দলের। এ কে এম মারুফুল হকের দলের পয়েন্টও এক। তাই ‘ঢাকার ডার্বি’খ্যাত এই ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ দুই দলের সামনে।
সাম্প্রতিক দেখায় আবাহনীর চেয়ে অনেক এগিয়ে মোহামেডান। ২০২৪ সাল থেকে এ পর্যন্ত ছয়বার মুখোমুখি হয়েছে দুই দল, যেখানে তিনটি জয় পেয়েছে মোহামেডান। আবাহনী জিতেছে এক ম্যাচ। বাকি দুটি ড্র হয়েছে। দেশের দুই জনপ্রিয় দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল গত ২৬ এপ্রিল। সেই ম্যাচটি অবশ্য গোলশূন্যভাবে শেষ হয়েছিল। তবে ২০০৭ সালে পেশাদার যুগ থেকে হওয়া খেলায় এগিয়ে আবাহনীই। ৪৩ বারের সাক্ষাতে আবাহনী জিতেছে ১৮ ম্যাচ এবং মোহামেডান জিতেছে ১২টি। বাকি ১৩টি ম্যাচ অমীমাংসিত ছিল।
আবাহনীর বিপক্ষে ম্যাচের আগে মোহামেডান দলে চলছে অস্থিরতা। বকেয়া বেতনের কারণে নাকি দলটির ফুটবলাররা অনুশীলন করতে রাজি ছিলেন না। শুধু তাই নয় এই ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেন তারা। ক্লাব কর্মকর্তাদের আশ্বাসে শেষ পর্যন্ত খেলতে রাজি হয়েছেন ফুটবলাররা। বেতনহীন ফুটবলাররা মাঠে নিজেদের কতটা মেলে ধরবেন, তা নিয়ে সংশয় আছে।
- বিষয় :
- আবাহনী
- মোহামেডান
- কুমিল্লা
- বাংলাদেশ ফুটবল লিগ
