ঘরোয়া ক্রিকেটেও মিরপুরে ভালো উইকেটের আশা জয়ের
টেস্ট ওপেনার মাহমুদুল হাসান জয়। ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫ | ১৬:৪৭ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ | ১৬:৪৭
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে কালো মাটির ধীর ও নিচু উইকেট বানিয়েছিলেন নতুন কিউরেটর টনি হেমিং। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে মিরপুরের উইকেটের চেহারা ধূসর বানিয়ে ফেলা হয়। গুন-মানও বদলে গিয়েছিল। স্পোর্টিং উইকেট ছিল। শুরু পাওয়া ব্যাটাররা রান পেয়েছেন। উইকেট পেয়েছেন বোলাররাও।
মিরপুরের উইকেট ঘরোয়া ক্রিকেটেও স্পোর্টিং থাকবে সমকালকে সাক্ষাৎকারে এমন প্রত্যাশার কথা বলেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার সেরা ইনিংস খেলা মাহমুদুল হাসান জয়, ‘এবার মিরপুরে স্পোর্টিং উইকেট ছিল। যারা ভালো ব্যাটিং করেছে, রান করেছে। বোলিং ভালো করলে উইকেট পেয়েছে। মিরপুরের উইকেট এবার খুবই ভালো ছিল। সিলেটেও। আমরা এ রকম ভালো উইকেটে টেস্ট এবং জাতীয় লিগের ম্যাচ খেলতে চাইব।’
আন্তর্জাতিক ক্রিকেটে এসজি ও কুকাবুরা বলে খেলা হয়। অথচ বিসিবি ঘরোয়া ক্রিকেটে ডিউক বল ব্যবহার করছে। এটিও ইতিবাচক বলে উল্লেখ করেন জয়। তার মতে, ডিউক বল সবসময়ই মুভ করে। ঘরোয়ায় ভালো করলে আন্তর্জাতিক ক্রিকেটে তাই ভালো ব্যাটিং করা কিছুটা সহজ হয়।
তিনি বলেন, ‘ডিউক বলে ব্যাটিং করা একটু কঠিন। বল সব সময় মুভ করে, পুরনো বল সুইং করে। বেশি চ্যালেঞ্জ মোকাবিলা করে রান করলে জাতীয় দলে সেগুলো কাজে লাগানো সম্ভব। কারণ টেস্ট ম্যাচ খেলা হয় এসজি বা কুকাবুরা বলে। ডিউক বলে বড় স্কোর করলে টেস্ট খেলা সহজ হবে।’
ঘরের মাঠে স্পোর্টিং উইকেটে খেললে অ্যাওয়ে সিরিজে ভালো করা সম্ভব বলেও মনে করেন জয়। তার মতে, হয়তো অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো কন্ডিশন বানানো যাবে না। স্পোর্টিং উইকেটে খেললে কিছুটা মিল পাওয়া যাবে। তখন ওখানে গিয়ে ভালো প্রস্তুতি নিতে পারলে পারফরম্যান্স করা সহজ হবে।
- বিষয় :
- মাহমুদুল হাসান জয়
- সাক্ষাৎকার
