ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গ্রিসে রিয়াল হারলে চাকরি হারাবেন আলোনসো!

গ্রিসে রিয়াল হারলে চাকরি হারাবেন আলোনসো!
×

রিয়াল মাদ্রিদ কোচ আলোনসো ও ফুটবলার ভিনিসিয়াস। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫ | ১৯:৪৮

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে বুধবার রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস। ওই ম্যাচে লস ব্লাঙ্কোসরা হারলে চাকরি হারানোর দ্বারপ্রান্তে চলে যাবেন দলটির কোচ জাবি আলোনসো।

সংবাদ মাধ্যম এল চিরুংগুইতের সঙ্গে আলাপে এমনটাই জানিয়েছেন ডিয়ারিও স্পোর্টসের বিশ্লেষক এডওয়ার্ড এনদা। তার মতে, গ্রিসে গিয়ে আলোনসো হারলে বিপদে পড়ে যাবেন তিনি।

কারণ ব্যাখ্যা করে এনদা বলেছেন, লিগে এরপর জিরোনার বিপক্ষে ম্যাচ আছে রিয়ালের। আলোনসোর জন্য যেটা সহজ হবে না। এর দুই ম্যাচ পরে ম্যানচেস্টার সিটির বিপক্ষে বার্নাব্যুতে ম্যাচ আছে রিয়ালের। সব মিলিয়ে আলোনসোর সামনে কঠিন পরীক্ষা বলে উল্লেখ করেছেন তিনি। যে পরীক্ষায় হারলে চাকরি যেতে পারে তার।

তবে স্কাই স্পোর্টসের লা লিগা বিশ্লেষক গ্রাহাম হান্টার জানিয়েছেন, অলিম্পিয়াকোসের বিপক্ষে হারলেই যে আলোনসোর চাকরি যাবে বিষয়টি এমন নয়। তবে আলোনসোর দুয়ারে রিয়ালের নিষ্ঠুর নেকড়েরা ওঁত পেতে আছে। তিনি খারাপ করলে কামড় বসাতে দেরি করবে না তারা।

হান্টারের মতে, আলোনসো এখনো রিয়ালের ফুটবলারদের সঙ্গে ঠিকঠাক সংযোগ স্থাপন করতে পারেননি। রিয়াল মাদ্রিদের খুবই দুই গুরুত্বপূর্ণ ফুটবলার ভিনিসিয়াস ও ভালভার্দের সঙ্গে তার সম্পর্ক খুবই গতানুগতিক। জুড বেলিংহামের সঙ্গেও পেশাদারি সম্পর্ক। যে কারণে রিয়াল মাদ্রিদের খেলায় সেই পুরনো গতি নেই বলে মন্তব্য করেছেন হান্টার।

তিনি মনে করেন, দলের খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে না পারলে, তাদের ধরনের সঙ্গে মানানসই কৌশলে ম্যাচ খেলাতে না পারলে আলোনসোর জন্য রিয়াল মাদ্রিদে টিকে থাকা কঠিন হবে। আলোনসোর অধীনে রিয়াল মাদ্রিদ লা লিগায় শীর্ষে আছে। চ্যাম্পিয়ন্স লিগে সেরা আটে আছে। তারপরও লস ব্লাঙ্কোসরা যে ধুঁকছে তা অস্বীকারের উপায় নেই বলে মনে করেন তিনি। 

আরও পড়ুন

×