ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

টি-২০তে জয়ে ফেরার আশা 

টি-২০তে জয়ে ফেরার আশা 
×

টিম হোটেলে ওঠার সময় ক্রিকেটাররা। ছবি: ক্রিকবাজ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫ | ২১:৫২

টি-২০ ফরম্যাটে জয়ের ধারায় ছিল বাংলাদেশ দল। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে লিটন দাসের দল। আয়ারল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার শুরু হওয়া সিরিজে জয়ে ফেরার বার্তা দিয়েছেন বিসিবি পরিচালক ও টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক। 

মঙ্গলবার চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ মাধ্যমকে রাজ্জাক বলেন, ‘আমাদের লক্ষ্য সিরিজ জেতা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা একটা সিরিজ জিতেছি, অন্যটা হেরেছি। সুতরাং ওটা ভালো সিরিজ বলা চলে না, ওটা এভারেজ সিরিজ কেটেছে।’ 

দুই সিরিজ জিতলে ভালো হতো উল্লেখ করে রাজ্জাক জানান, আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর টি-২০ সিরিজও জিততে চান তারা। জয়ের ধারা ধরে রাখা গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিসিবির সাবেক এই নির্বাচক, ‘সম্প্রতি অধিকাংশই সিরিজই আমরা জিতেছি। জিতলে খারাপ বলি কীভাবে। তবে ক্রিকেট মোমেন্টামের খেলা। মোমেন্টাম ধরে রাখা জরুরি।’ 

আয়ারল্যান্ড সিরিজে দলের ব্যাটিং কোচের ভূমিকা পালন করছেন মোহাম্মদ আশরাফুল। একটা সিরিজ দিয়ে তাকে মূল্যায়ন করা কঠিন বলে উল্লেখ করেছেন রাজ্জাক, ‘আশরাফুল ক্রিকেটার হিসেবে খুবই অভিজ্ঞ। একটা সিরিজে কাজ করছেন, এখনই মূল্যায়ন করা কঠিন। তিনি টেকনিকের চেয়ে ট্যাকটিকস নিয়ে বেশি কাজ করছেন। ব্যাটারদের কাছাকাছি থাকছেন।’  

আরও পড়ুন

×