আলোনসোয় বিভক্ত রিয়াল, সুখের ঘরে তুষের আগুন
নতুন কোচ জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদ বিভক্ত। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫ | ১৮:২৯
ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসোর ঝামেলার খবরটা পুরোনো। দুজন যে একে অপরকে পছন্দ করেন না, সেটি গত মাসে বার্সেলোনার বিপক্ষে ভিনিকে মাঠ থেকে তুলে নেওয়ার সময়ই স্পষ্ট হয়ে গিয়েছিল।
কোচের সঙ্গে হাত মেলানো তো দূরের কথা, চিৎকার করতে করতে মাঠ ছেড়েছিলেন ভিনি। তবে শুধু ভিনি একা নন, রিয়ালের বড় একটি গ্রুপ কোচ আলোনসোকে পছন্দ করেন না। সে তালিকায় আরও আছেন রদ্রিগো, জুড বেলিংহাম, ফেদরিকো ভালভার্দে, ফারল্যান্ড মেন্ডি, ব্রাহিম দিয়াজ, এনড্রিকে। সব মিলিয়ে রিয়ালের ড্রেসিংরুমে ঝোড়ো হাওয়া বইছে।
আলোনসোর অধীনে চলতি মৌসুমে চমৎকার সূচনা করেছিল রিয়াল। এই চমৎকার সূচনার জোরেই বেশ কিছু সাহসী সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন স্প্যানিশ এ কোচ। তবে সর্বশেষ তিন ম্যাচে রিয়াল জয় না পাওয়ায় অনেক কিছু বেরিয়ে আসতে শুরু করেছে।
সাতজন খেলোয়াড় নানা মাধ্যমে প্রকাশ করেন যে দলে ভূমিকা সীমিত করে দেওয়ায় তারা কোচ আলোনসোর ওপর খুশি নন। এর মধ্যে ভিনিসিয়ুস জুনিয়র রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে সাক্ষাৎ করে জানিয়ে দেন, বর্তমান কোচের অধীনে তিনি চুক্তি নবায়ন করবেন না।
বেশ কয়েকটি স্প্যানিশ গণমাধ্যমে খবর বের হয়, আলোনসোকে কেন্দ্র করে রিয়ালের ড্রেসিংরুমে দুটি গ্রুপ হয়ে গেছে। ভিনিসিয়ুস, বেলিংহামের নেতৃত্বে সাতজনের একটি গ্রুপ কোচ আলোনসোর কার্যক্রমে খুশি নন। আলোনসোর সমর্থক একটি গ্রুপও আছে। সে তালিকায় আছেন কিলিয়ান এমবাপ্পে, আরদা গুলের, থিবো কোর্তোয়া, ডিন হুইসেন ও আলভারো ক্যারেরাস।
পেরেজের সঙ্গে ভিনির ব্যক্তিগত সাক্ষাতের খবর প্রকাশ করেন রিয়াল-ঘনিষ্ঠ স্প্যানিশ সাংবাদিক মারিও কর্তেগেনা। তিনি দাবি করেছেন, ভিনি নাকি সাফ জানিয়ে দিয়েছেন, আলোনসোর সঙ্গে তাঁর টানাপোড়েন সমাধান করতে না পারলে তিনি চুক্তি নবায়ন করবেন না। ব্রাজিলিয়ান এ তারকার অসন্তোষের মূল কারণ, কোচ তাঁকে পর্যাপ্ত সুযোগ দিচ্ছেন না এবং পছন্দের পজিশনে খেলতে দেন না।
চলতি মৌসুমের শুরু থেকেই সেরা একাদশে নিয়মিত সুযোগ পাচ্ছেন না ভিনি। এখন পর্যন্ত মাত্র পাঁচটি ম্যাচে ৯০ মিনিট খেলার সুযোগ পেয়েছেন তিনি। গত রোববার এলচের বিপক্ষেও প্রথম একাদশে জায়গা হয়নি তাঁর।
রিয়ালের আরেক ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোকে তো মৌসুমের শুরুতেই আলোনসো জানিয়ে দেন যে তিনি গুডবুকে নেই। ক্লাব খুঁজে নেওয়ার ইঙ্গিতও দেওয়া হয় তাঁকে। তাঁর পজিশনে আলোনসোর পছন্দ আরদা গুলের ও ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো। কিন্তু রদ্রিগো রিয়াল ছাড়তে চান না। ব্রাজিলিয়ান এ দুই তারকাই কার্লো আনচেলত্তির আমলে রিয়ালের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
বেলিংহামের সঙ্গে কোচের দ্বন্দ্বের খবরে অনেকেই অবাক হয়েছেন। ইংলিশ এ মিডফিল্ডার রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই দারুণ ছন্দে আছেন, গুরুত্বপূর্ণ সব গোল করেছেন। গত রোববারও এলচের বিপক্ষে তাঁর অন্তিম মুহূর্তের গোলেই হার এড়ায় রিয়াল। জানা গেছে, চলতি মৌসুমের শুরুতে কাঁধের চোটে বেলিংহাম মাঠের বাইরে থাকার সময় তাঁর ওপর ভরসা কমে যায় কোচের। সুস্থ হয়ে ফেরার পর পছন্দের পজিশনে খেলতে পারছেন না।
ফেদেরিকো ভালভার্দের সঙ্গে ঝামেলার খবরটিও অবাক করা মতো। ভালভার্দেকে রিয়ালের মাঝমাঠের ইঞ্জিন বলা হয়। অথচ আলোনসোর ফরমেশনে মাঝমাঠে ভালভার্দের জায়গা হচ্ছে না। কোচ তাঁকে রাইট ব্যাকে খেলতে বাধ্য করছেন। এতে নাকি বেশ আপসেট হয়ে পড়েছেন উরুগুইয়ান এ তারকা। ইতোমধ্যে একবার রক্ষণে খেলতে অস্বীকৃতিও জানিয়েছেন তিনি। গত মৌসুমে লেফট ব্যাক পজিশনে রিয়ালের প্রথম পছন্দ ছিলেন ফারল্যান্ড মেন্ডি। আলোনসো আসার পর ফ্রেঞ্জ এ ডিফেন্ডার হয়ে গেছেন তৃতীয় পছন্দ।
আলভারো ক্যারেরাস ও ফ্রান গার্সিয়া আছেন কোচের পছন্দের তালিকায়। চলতি মৌসুমে আলোনসো তাঁকে এক মিনিটও মাঠে নামার সুযোগ দেননি। এনড্রিকেরও কোনো ভবিষ্যৎ নেই আলোনসোর দলে। অনেকের মতে, ব্রাজিলিয়ান স্ট্রাইকারের ক্যারিয়ারই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আলোনসো।
