ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘এ’ দলের ড্রেসিংরুমে ফাইনালের আগে লিপুর হস্তক্ষেপ!

‘এ’ দলের ড্রেসিংরুমে ফাইনালের আগে লিপুর হস্তক্ষেপ!
×

বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫ | ০৯:১৮ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ | ১০:৩৯

এশিয়া কাপ রাইজিং স্টার্সের শিরোপার স্বপ্ন দেখেছিল দেশের মানুষ। বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটার, কোচিং স্টাফের সদস্যরা বিভোর ছিলেন ফাইনাল ম্যাচ নিয়ে। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলার জন্য আগের রাতে (২২ নভেম্বর) একাদশও ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে অফিসিয়াল ডিনারে একাদশ সম্পর্কে জানান কোচ ডেভিড হেম্প। বিসিবি সভাপতি টিম ম্যানেজমেন্টের ওপর আস্থা রাখলেও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু হস্তক্ষেপ করেন ফাইনালের সকালে। 

দলের একটি সূত্র জানায়, জাওয়াদ আবরারকে বাদ দিয়ে মাহিদুল ইসলাম অংকনকে একাদশে নেওয়ার জন্য কোচকে বাধ্য করেন তিনি। ঢাকা থেকে লিপুর ‘হস্তক্ষেপে’ ড্রেসিংরুম অস্থির হয়েছিল বলে জানা গেছে। এ ব্যাপারে জানতে চেয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে ফোন করে পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়া হলেও উত্তর দেননি তিনি। 

রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনাল ম্যাচের দিনই আয়ারল্যান্ডের বিপক্ষে টি২০ দল ঘোষণা করে বিসিবি। ১৫ জনের দলে মাহিদুল ইসলাম অংকনকে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ‘এ’ দলের কোচ হেম্পকে কাতারে ফোন করেন লিপু। সে সময় কোচের সামনে উপস্থিত থাকা একজন সমকালকে বলেন, ‘লিপু ভাই কোচকে বলেন, অংকন জাতীয় দলে ম্যাচ খেলবে, তাই ফাইনালে তাকে খেলাতে হবে। অংকনকে ম্যাচ প্র্যাকটিস করার সুযোগ করে দিতে বলেন তিনি। প্রধান নির্বাচক একাদশে পরিবর্তন করতে বললে কোচের কিছু করার থাকে না। হেম্প ভয় পেয়ে জাওয়াদ আবরারের পরিবর্তে অংকনকে খেলান। মিটিংয়ে কোচ নতুন একাদশ ঘোষণা করার পর আমরা বিস্মিত হয়েছি। ড্রেসিংরুমে যে প্রতিক্রিয়া হয়েছে, তা অস্বস্তিতে ফেলেছে অংকনকে। সে শূন্য রানে আউট হয়েছে। এই প্রভাব জাতীয় দলের খেলাতেও পড়তে পারে।’ 

ম্যাচের সকালে লিপুর হস্তক্ষেপের বিষয়ে জানতে চেয়ে কোচ হেম্পকে ফোন করা হলে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। অধিনায়ক আকবর আলিকে এ নিয়ে প্রশ্ন করা হলে মুচকি হেসেছেন। তিনিও কোনো মন্তব্য করতে রাজি হননি। 

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এই টি২০ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। একাদশে একটি পরিবর্তন দেখে কারণ জানতে চেয়েছিলেন বলে সমকালকে একজন প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেন। ফাইনাল ম্যাচের সকালে প্রধান নির্বাচকের এ রকম সিদ্ধান্তে বোর্ড সভাপতি বিস্মিত হয়েছেন বলে দল সূত্রে জানা গেছে। এ ব্যাপারে জানতে চেয়ে বিসিবি সভাপতি বুলবুলকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়া হলে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো উত্তর দেননি তিনি। বিসিবি সভাপতি বর্তমানে বিদেশে অবস্থান করছেন বলে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী। 

ফাইনাল ম্যাচের সকালে প্রধান নির্বাচকের একাদশ পরিবর্তনের বিষয়টি জানেন না বলে সমকালকে বলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন, ‘এ রকম কিছু আমাকে বলা হয়নি। দল থেকেও কেউ কিছু বলেনি।’ বিসিবি প্রধান নির্বাচকের এ রকম প্রক্রিয়া নিয়ে জানতে চাওয়া হলে জাতীয় দলের সাবেক এক অধিনায়ক বলেন, ‘সিরিজের খেলা হলে এই পরিবর্তন মেনে নেওয়া যেত। এশিয়া কাপের মতো ফাইনাল ম্যাচের সকালে এ ধরনের হস্তক্ষেপ উচিত হয়নি। এই কাজটি করে দলের ভেতরে ম্যাচের আগেই ফাটল ধরিয়েছেন তিনি। অংকনের ক্ষতি করে দিয়েছেন জোর করে খেলিয়ে। এর পরও ছেলেরা চেষ্টা করেছে শিরোপা জেতার। টিম ম্যানেজমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটাকে সাপোর্ট করা উচিত ছিল প্রধান নির্বাচকের।’ 

জাতীয় দলের সাবেক ওই অধিনায়ক বলেন, যে কোনো টুর্নামেন্টের ফাইনাল জেতার চেষ্টা করা উচিত।

আরও পড়ুন

×