ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

পাওয়ার প্লের ব্যাটিংকে দুষলেন হৃদয়

পাওয়ার প্লের ব্যাটিংকে দুষলেন হৃদয়
×

ম্যাচ শেষে প্রতিপক্ষে সঙ্গে হাত মেলান তাওহীদ হৃদয়। ছবি: মো রাশেদ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫ | ১৪:৪৩

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে হারে শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার চট্টগ্রামে প্রথম ম্যাচে ৩৯ রানের বড় ব্যবধান হেরেছে বাংলাদেশ। ৫ রানে টপ অর্ডারের প্রথম ৩ এবং ১৮ রানে ৪ উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।

পাঁচে ব্যাট করতে নেমে তাওহীদ হৃদয় ক্যারিয়ার সেরা ৮০ রানের ইনিংস খেলেন। কিন্তু মিডল অর্ডারের জাকের আলী (৪৮ রানের জুটি) কিংবা লোয়ার মিডলের রিশাদ হোসেন ও তানজিম সাকিব তাকে সঙ্গ দিতে পারেননি। হৃদয় মনে করেন, টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় হেরেছে তারা। ভালো একটা জুটি হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মিডল অর্ডার ব্যাটার হৃদয় বলেন, ‘উইকেট ভালো ছিল। তারা ভালো ব্যাটিং করেছে। আমরা পারিনি। উইকেটের দোষ দিয়ে লাভ নেই। আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। দ্রুত কিছু উইকেট হারিয়েছি।’

জুটির আক্ষেপ করে হৃদয় বলেন, ‘ভালো একটা জুটি হলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতো। আমার ও জাকেরের একটা জুটি হয়েছে। সেটাও ৭০-৮০  রানের হলে ভিন্ন বিষয় হতো। দেখাই যাচ্ছে, ম্যাচে আমরা ভালো রান করতে পারিনি।’

বাংলাদেশের ইনিংসের ১২তম ওভারে তানজিম সাকিব ও ১৩তম ওভারে ক্রিজে এসে রিশাদ হোসেন আউট হন। তারা বোলিং অলরাউন্ডার হিসেবে খেলেন। ছোট একটা জুটি তাদের থেকে পেতে পারত বাংলাদেশ। হৃদয় মনে করেন, তানজিম কিংবা রিশাদ আরেকটু পরে ব্যাটিংয়ে আসলে মানিয়ে নিতে পারত।

তিনি বলেন, ‘জাকেরের সঙ্গে আমার জুটিটা শেষ ব্যাটিং জুটি ছিল। পরিকল্পনা ছিল, ম্যাচটা আরও গভীরে নেওয়ার। যাতে সাকিব ও রিশাদের জন্য সহজ হয়। আমি মনে করি, তারা দু’জনই সামর্থ্যবান, ভালো ব্যাটিং করতে পারে। কিন্তু তারা আরেকটু পরে ক্রিজে আসলে, চার-পাঁচ ওভার থাকতে তখন বিষয়টা ভিন্ন হতো।’

আরও পড়ুন

×