ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আয়ারল্যান্ডের বিপক্ষে চেজ না করলে কার বিরুদ্ধে করবো, প্রশ্ন হৃদয়ের  

আয়ারল্যান্ডের বিপক্ষে চেজ না করলে কার বিরুদ্ধে করবো, প্রশ্ন হৃদয়ের  
×

ক্যারিয়ার সেরা ৮০ রানের ইনিংস খেলার পথে হৃদয়। ছবি: মো রাশেদ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫ | ১৫:৪৮

স্কোরবোর্ডে রান একটু বড় হলেই ভড়কে যায় বাংলাদেশ দল। আয়ারল্যান্ডের বিপক্ষে যেমন চট্টগ্রামের ব্যাটিং বান্ধব উইকেটে ১৮২ রান তাড়া করতে পারেনি বাংলাদেশ। রান তাড়ায় ভালো করেনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টি-২০ সিরিজেও। 

উইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে টস হেরে ১৬৫ রান তাড়া করতে নেমে বাংলাদেশ হেরেছিল ১৬ রানে। পরের ম্যাচে টস হেরে ১৫০ রান তাড়া করতে নেমে ১৪ রানের পরাজয় সঙ্গী হয়েছিল। ম্যাচ শেষে তাওহীদ হৃদয় মনে করিয়ে দিয়েছেন, তারা রান তাড়া করায় ভালো নন। তবে রান তাড়ার অভ্যাসটা আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে গড়া উচিত বলে মত তার। 

হৃদয় বলেন, ‘আমরা কি রান তাড়ায় খুব ভালো! দেখুন আমি মনে করি, আমরা রান তাড়ায় সম্প্রতি ভালো করতে  পারিনি। আমরা যদি আয়ারল্যান্ডের বিপক্ষে না করি (রান তাড়া), তাহলে তার বিরুদ্ধে করবো? তখন তো, আপনারা বলবেন, আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষেও..., আপনারা তো অনেক কিছু নিয়েই সমালোচনা করেন।’ 

হৃদয় মনে করেন, বাংলাদেশ দলের ১৮০ বা ২০০’র মতো রান তাড়া করার মাইন্ডসেট করা জরুরি। বাংলাদেশ সামনে বড় রান তাড়া করবে বলেও বিশ্বাস তার, ‘এটা মাইন্ডসেটের বিষয়। আমরা রান তাড়া করে জিতিনি, এমন নয়। আমরা ২০০ রানও তাড়া করেছি। মাইন্ডসেট ঠিক থাকলে, এটাকে আমি খুব কঠিন কাজ মনে করি না। প্রতিদিন আমরা ১৮০ বা ২০০ রান তাড়াও করি না। আশা করছি, সামনে এই সমস্যা কাটিয়ে উঠতে পারবো।’ 

টি-২০ বিশ্বকাপের আগে কোন সিরিজ নেই বাংলাদেশের। আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের মোমেন্টাম তাই জরুরি। হৃদয় মনে করেন, একটা ম্যাচ জয় পেলেই তারা মোমেন্টামে চলে আসবেন, ‘আমরা টানা চার ম্যাচ হারলাম, এটা হতে পারে। টি-২০ মোমেন্টামের খেলা। এখন আমরা হারছি, একটা জয় পেলে মোমেন্টামে চলে আসবে দল।’  

আরও পড়ুন

×