ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

উল্টো এখন সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ

উল্টো এখন সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ
×

অনুশীলনে তাওহীদ হৃদয়। ছবি: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫ | ১৫:৪৫

উইন্ডিজ সিরিজে প্রতিপক্ষের কাছ থেকে ‘প্রেশার’ চেয়ে নিয়েছিলেন অধিনায়ক লিটন দাস। সেই প্রেশারে কী অবস্থা হয়েছিল, তা দেখেছেন সমর্থকরা। চট্টগ্রামেই তিন ম্যাচের সবক’টিতে হেরেছিল তারা। যেখানে দেড়শ রানের আশপাশে থাকা ইনিংস তাড়া করতে পারেননি সাইফ-তানজিদরা। 

এবারও আয়ারল্যান্ড সিরিজে আগে সংবাদ সম্মেলনে আইরিশদের কাছ থেকে ‘ভালো খেলার’ চ্যালেঞ্জ চেয়েছিলেন লিটন। প্রথম ম্যাচেই সেই চ্যালেঞ্জে পা পিছলে গেছে তাদের। ১৮২ রানের পিছু নিতে গিয়ে ১৮ রানে ৪ উইকেটের বিসর্জন। ফেব্রুয়ারিতে টি২০ বিশ্বকাপ সামনে রেখে দলের কম্বিনেশন আর শক্তিমত্তার জায়গাগুলোতে পরীক্ষা-নিরীক্ষা করতে চেয়েছিলেন লিটন। কিন্তু ঘরের মাঠে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হারায় জোর ধাক্কা খেয়ে এখন সিরিজ বাঁচানোর উল্টো চ্যালেঞ্জ তাদের সামনে। 

টানা চার-চারটি সিরিজ জয়ের পর দলের যে আত্মবিশ্বাস ছিল টানা চারটি টি২০ ম্যাচ হারের পর তা এখন তলানিতে। যদিও সেটি মানতে নারাজ অধিনায়ক। সেদিন ম্যাচ শেষে পুরস্কার মঞ্চে আত্মবিশ্বাসী দেখায় তাঁকে। ‘আমি এখনও নিজ দলের ওপর বিশ্বাস রাখি। আমরা যদি নিজেদের সেরা খেলাটা খেলি, তাদের হারাতে পারব। তবে আমাদের সেরাটা খেলতে হবে। হৃদয়ের কথা বলতেই হয়, আশা করি সিরিজজুড়ে তাঁর কাছ থেকে এমন পারফরম্যান্সই পাবো।’

রেকর্ড বলে টি২০তে বাংলাদেশ এখনে পর্যন্ত ১৮০ রানের বেশি তাড়া করে ম্যাচ জিতেছে মাত্র দুটি। যার একটি নিদহাস ট্রফিতে, অন্যটি জিম্বাবুয়েত গিয়ে ১৯৪ রান করে। টপ অর্ডারসহ মিডল অর্ডার–গত দুটি সিরিজেই ব্যাটিং ব্যর্থতার প্রদর্শন করে যাচ্ছেন ব্যাটাররা। সেখানে তাওহীদ হৃদয় প্রথম ম্যাচে ৫০ বলে ৮৩ রানে অপরাজিত থেকেছেন। টি২০তে বাংলাদেশ দলের হয়ে কেউ আশি-ঊর্ধ্ব রান করার পরেও ম্যাচ হারের ঘটনা আছে ছয়টি। ঠিক আগের সিরিজটিতেই উইন্ডিজের সঙ্গে তানজিদ তামিম ৬২ বলে ৮৯ রান করলেও ম্যাচটি হেরে যায় দল। 

তাই হৃদয়ের এই ইনিংসটি ব্যক্তিগতভাবে তাঁকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে। হয়তো দলের বাকিদেরও তা উদ্বুদ্ধ করবে, কিন্তু যেভাবে এক থেকে সাত পর্যন্ত ব্যাটাররা খেলছেন তাতে টেকনিক্যাল কিছু দুর্বলতা সামনে এসে যাচ্ছে। এখনও জাকের আলী তাঁর লেগ সাইডে ব্যাট চালানোর আকর্ষণ থেকে মুক্ত হতে পারেননি। আজকের একাদশে তাঁর জায়গায় মাহিমুল ইসলাম অঙ্কনের অভিষেক হতে পারে। এই অঙ্কনকে নিয়ে এই সিরিজের আগে নির্বাচক গাজী আশরাফ লিপুর সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছে অধিনায়ক লিটন দাসের। এই মুহূর্তে দলে তিন থেকে আট পর্যন্ত সব ডানহাতি ব্যাটসম্যান। লিটন চেয়েছিলেন মাঝে একজন বাঁহাতি ব্যাটসম্যান রাখতে। সেই জায়গায় শামীম হোসেনের বদলে অঙ্কনকে স্কোয়াডে নিয়েছেন লিপু। 

চট্টগ্রামের এই উইকেট নিয়েও কিছুটা বিভ্রান্ত মনে হয়েছে লিটনকে। তিনি ভেবেছিলেন দ্বিতীয় ইনিংসে শিশিরের কারণে বল ভেজা থাকবে, যেখানে বোলারদের তা গ্রিপ করতে সমস্যা হবে। সুবিধাটা আদায় করতে পারবেন ব্যাটসম্যানরা। প্রথম ম্যাচের পাওয়ার প্লেতে সেটি দেখা যায়নি। প্রতিপক্ষ আয়ারল্যান্ড দলকেও খুব বেশি স্টাডি করা হয়েছে বলে মনে হয়নি। 

সহজে দুটি টেস্ট জয়ের পর তাদের ব্যাটিং লাইনআপকে হালকাভাবেই নিয়েছিলেন বোলরারা। উল্টো টেক্টর ভাইদের সামনে অসহায় লেগেছে বোলারদের। এক মুস্তাফিজ ছাড়া কেউই ওভারপ্রতি ছয়ের নিচে রাখতে পারেননি। আবুধাবি টি১০ খেলতে যাওয়া তাসকিন নেই এই স্কোয়াডে। তবে নতুন বলে শরিফুল তানজিমও প্রত্যাশা পূরণ করতে পারেননি। স্পিনার নাসুমও প্রথম ম্যাচে উইকেটশূন্য থেকেছেন ৯-এর ওপর রান দিয়ে। রিশাদ ছক্কা খেয়েছেন দুটি। স্লগ ওভারে তানজিমও তাই। সিরিজে টিকে থাকার এই লড়াইয়ে আজ তাই বোলিংয়েও কিছু পরিবর্তন আসতে পারে। মেহেদী হাসানের সঙ্গে দেখা যেতে পারে অলরাউন্ডার সাইফুদ্দিনকে।

আরও পড়ুন

×