ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ইনজুরিতে জর্জরিত, তবু সান্তোসের জন্য ঝুঁকি নিলেন নেইমার

ইনজুরিতে জর্জরিত, তবু সান্তোসের জন্য ঝুঁকি নিলেন নেইমার
×

নেইমার জুনিয়রের গোল উদযাপন। ছবি: এক্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫ | ২০:৪৮

চিকিৎসকরা বারবার বলেছিলেন মাঠে না নামতে। পরামর্শ দিয়েছিলেন কিছুদিন বিশ্রামে থেকে অস্ত্রোপচারটি করাতে। কিন্তু এভাবে আর কতদিন, নিজের চোট আর রিহ্যাবে যেন বিরক্ত হয়ে পড়েছিলেন। সেই সঙ্গে তাঁর ক্লাব সান্তোসও ছিল রেলিগেশনের ঝুঁকিতে। সব মিলিয়ে নেইমারকে আর বেঁধে রাখা যায়নি! 

নিজের সিদ্ধান্তে নেমে যান মাঠে। সান্তোস এফসির হয়ে ব্রাজিলের প্রথম বিভাগ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামেন। তাঁর সবল উপস্থিতিতেই শেষ পর্যন্ত জয়ের দেখা পায় সান্তোস। স্পোর্ট রেসিফের বিপক্ষে ৩-০ গোলের জয় পায় তারা। যেখানে নেইমার একটি গোল করেছেন এবং একটিতে অ্যাসিস্ট করেছেন। 

নেইমারের এভাবে মাঠে নেমে যাওয়াটাকে অনেকেই সমর্থন করছেন। কিন্তু কেউ কেউ এটাও বলছেন বিশ্বকাপের সামনে রেখে এভাবে বসে থাকাটা মেনে নিতে পারছিলেন না নেইমার। কেননা ব্রাজিলের কোচ কার্লো আনচেলেত্তি পরিষ্কার জানিয়ে দিয়েছেন ২০২৬ বিশ্বকাপ খেলতে চাইলে নেইমারকে আগে ক্লাবের হয়ে ম্যাচ খেলতে হবে। সেখানে তাঁর ম্যাচ ফিটনেস পরীক্ষা দিতে হবে।

শুক্রবার রাতের ম্যাচটিতে নেইমারকে দারুণ প্রাণবন্ত দেখা গেছে। যেখানে কয়েক দিন আগেই তিনি মেনিস্কাসে (হাঁটুর সংযোগস্থলে) চোট পান। ব্রাজিলিয়ান এ তারকা ফরোয়ার্ডকে ক্লাবের চিকিৎসক বলে দিয়েছিলেন আবার ওখানে চোট লাগলে অপারেশন করতে হবে। তবে ম্যাচে নেইমার কোনো ধরনের চোট পাননি, বরং ২৫তম মিনিটে গোল করেছেন। 

এই জয়ের ফলে প্রথম বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ার শঙ্কা দূর হয়েছে সান্তোসের। সেই সঙ্গে নেইমারও আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন অনেকটা। 

তবে ম্যাচ শেষে ব্রাজিলিয়ান মিডিয়ার ওপর লুকিয়ে রাখা অভিমানের বিস্ফোরণ ঘটিয়েছেন, ‘সত্যি বলতে কি আমার সবকিছু ঠিক নেই। আমার চোটের অবস্থা আমি আর চিকিৎসকরাই জানি। তারা কখনোই আমার ক্যারিয়ারকে ঝুঁকির মুখে ফেলবে না। কিন্তু মানুষ যা খুশি, তাই লিখে। সেটা আমাকে কষ্ট দেয়। এতে আমি মানসিকভাবে ভীষণ আহত হই। আমিও একজন মানুষ। একজন খেলোয়াড় হয়ে মানসিক আঘাত পাওয়াটা স্বাভাবিক। তবে যারা এসব নিয়ে খবর করেন, তাদের আরেকটু সতর্ক হওয়া উচিত।’ 

আসলে বেশ কয়েক মাস ধরেই নেইমারের ইনজুরি আর ব্রাজিল দলে তাঁর না থাকা নিয়ে অনেক কানাঘুষা চলছে। কোচ আনচেলেত্তির সঙ্গে তাঁর শীতল সম্পর্কের কথা উঠে এসেছে দেশটির মিডিয়ায়। হয়তো এসব নিয়েই অসন্তুষ্ট তিনি।

দুদিন আগেই ব্রাজিল দলের অধিনায়ক মার্ককুইনহোস এক সাক্ষাৎকারে বলেছেন, আগামী বিশ্বকাপে নেইমারকে তারা সবাই দলে চান। সেখানে তিনি এটাও বলেছেন, নেইমারের বিশ্বকাপ খেলাটা অনেক কিছুর ওপর নির্ভর করছে। 

‘আমরা অবশ্যই নেইমারকে বিশ্বকাপে চাই। সে আমার খুব ভালো বন্ধু। অসাধারণ প্রতিভার এক ফুটবলার। তবে বিশ্বকাপে তাঁর খেলাটা অনেক কিছুর ওপর নির্ভর করে। সে কেমন আছে, শারীরিকভাবে কতটা ফিট, ম্যাচে ছন্দে আছে কিনা–এসব গুরুত্বপূর্ণ। আশা করি, সে আবার নিজের সেরা জায়গায় ফিরে আসবে।’ ফরাসি গণমাধ্যম আরএমসিকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিল অধিনায়ক কোচ আনচেলেত্তির সুরেই কথা বলেছেন।

আরও পড়ুন

×