ব্যাটে-বলে সাইফউদ্দিনের কৃতিত্ব দিলেন লিটন
বাংলাদেশ দলের উইকেট উদযাপন। ছবি: বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫ | ২২:৩৫
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ৩৯ রানে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ১৭১ রানের লক্ষ্যে নেমে ২ বল থাকতে ৪ উইকেটে জিতেছে স্বাগতিকরা। লিটন দাস ৩৭ বলে তিনটি করে চার ও ছক্কায় ৫৭ রানের ইনিংস খেলেছেন। ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছেন।
ম্যাচ শেষে সম্প্রচার মাধ্যমে সাইফউদ্দিনের প্রশংসা করেছেন টি-২০ দলের অধিনায়ক লিটন। পেস বোলিং এই অলরাউন্ডার স্লগে ভালো বোলিং করেছেন। ব্যাট হাতে ৭ বলে ১৭ রানের ইনিংস খেলে কঠিন হওয়া ম্যাচে দারুণ ফিনিশিং টেনেছেন।
লিটন বলেন, ‘চাপ থেকে আমাদের বোলাররা দারুণ কামব্যাক করেছে। বিশেষ করে সাইফউদ্দিন। স্লগে বোলিং করা সহজ ছিল না, অনেকদিন পরে খেলতেও নেমেছে সে। প্রথম ওভারে কিছু রান দিয়ে ফেললেও স্লগে ভালো বোলিং করেছে। ব্যাট হাতেও সে ভালো খেলেছে।’
ব্যাট হাতে রান পাওয়ায় খুশি বলে জানিয়েছেন ম্যাচ সেরা লিটন। শেষটায় ব্যাটিং সহজ ছিল না বলেও উল্লেখ করেন, ‘এটা দারুণ ম্যাচ। এমন ম্যাচের অংশ হতে পারলেও ভালো লাগে। তবে আয়ারল্যান্ডও খুব ভালো খেলেছে। নতুন বল ব্যাটে আসছিল। পুরনো বলে রান করা কঠিন ছিল। আমি টপ অর্ডারে দায়িত্ব নিতে চেয়েছিলাম। ধীরে ধীরে ভালো লাগছে (ইনজুরি প্রসঙ্গে)।’
- বিষয় :
- টি-২০ সিরিজ
- লিটন দাস
- সাইফউদ্দিন
