বিপিএল নিলামের আগে দল পেলেন যারা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫ | ১৩:৫৮ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ | ১৪:১০
প্রায় এক যুগ পর আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিকেটারদের নিলাম হতে যাচ্ছে। যেখানে খেলোয়াড় দলে ভেড়ানোর লড়াইয়ে নামবে ৬ ফ্র্যাঞ্চাইজি। আসরের জন্য সর্বোচ্চ ১৬ জন স্থানীয় ক্রিকেটার আর কমপক্ষে দুজন বিদেশিকে ভেড়াতে পারবে দলগুলো। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির স্কোয়াড হবে ২২ সদস্যের।
তবে নিলামের আগেই নিজেদের ঘর অনেকটাই গুছিয়ে নিয়েছে দলগুলো। বিসিবির নিয়ম অনুযায়ী, সরাসরি চুক্তির মাধ্যমে দেশি ও বিদেশি ক্রিকেটার দলে ভেড়ানোর সুযোগ কাজে লাগিয়ে প্রতিটি দলই তাদের মূল স্কোয়াড ভারী করেছে।
আসন্ন আসরে অংশ নেওয়া ৬টি দল হলো ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। এর মধ্যে চট্টগ্রাম বাদে বাকি ৫টি দলই দুইজন করে বিদেশি ক্রিকেটার নিশ্চিত করেছে। দেশি ক্যাটাগরিতেও প্রায় সবাই দুইজন করে তারকা ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে।
জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ নাম লিখিয়েছেন ঢাকা ক্যাপিটালসে, তার সঙ্গী হিসেবে আছেন ইংলিশ তারকা অ্যালেক্স হেলস। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান থাকছেন রংপুর রাইডার্সে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব দেবেন রাজশাহী ওয়ারিয়র্সকে, আর অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ থাকছেন সিলেট টাইটান্সে।
নিয়ম অনুযায়ী, প্রতিটি দল আসরের জন্য সর্বোচ্চ ১৬ জন স্থানীয় এবং কমপক্ষে দুইজন বিদেশি ক্রিকেটার দলে নিতে পারবে। একটি ফ্র্যাঞ্চাইজির স্কোয়াড হবে সর্বোচ্চ ২২ সদস্যের।
ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে কে কোন দলে:
ঢাকা ক্যাপিটালস:
দেশি: তাসকিন আহমেদ, সাইফ হাসান।
বিদেশি: অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), উসমান খান (পাকিস্তান)।
সিলেট টাইটান্স:
দেশি: মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ।
বিদেশি: মোহাম্মদ আমির (পাকিস্তান), সাইম আইয়ুব (পাকিস্তান)।
রংপুর রাইডার্স:
দেশি: মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান।
বিদেশি: খাজা নাফায় (পাকিস্তান), সুফিয়ান মুকিম (পাকিস্তান)।
নোয়াখালী এক্সপ্রেস:
দেশি: হাসান মাহমুদ, সৌম্য সরকার।
বিদেশি: জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা)।
রাজশাহী ওয়ারিয়র্স:
দেশি: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম।
বিদেশি: সাহিবজাদা ফারহান (পাকিস্তান), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান)।
চট্টগ্রাম রয়্যালস:
দেশি: শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম।
বিদেশি: আবরার আহমেদ (পাকিস্তান)।
উল্লেখ্য, বিপিএলের আগামী আসর মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর। প্রায় এক মাসের লড়াই শেষে ২৩ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে দেশের সবচেয়ে জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্টের।
- বিষয় :
- বিপিএল
- নিলাম
- ফ্র্যাঞ্চাইজি
