ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লাইভ: বিপিএল নিলাম

ঢাকায় শানাকা, অবিক্রিত মালিক-আমের-পীযূষ

ঢাকায় শানাকা, অবিক্রিত মালিক-আমের-পীযূষ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫ | ১৬:৫৬ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ | ১২:৫৬

গে ও আখলাককে দলে নিল রংপুর

বিদেশি ক্রিকেটারদের নিলামের শেষলগ্নে দুজন ক্রিকেটার নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। ১০ হাজার ডলার ভিত্তিমূল্যে মোহাম্মদ আখলাক ও এমিলো গেকে দলে ভিড়িয়েছে তারা। এর মধ্যে দিয়েই শেষ হয়েছে বিপিএলের এবারের আসরের নিলাম। স্থানীয় ১৪ জন ও বিদেশি ২ জন করে ক্রিকেটার নিয়েছে দলগুলো।

২০ হাজার ডলারে রাজশাহীতে জাহান্দাদ 

পেস আক্রমণে শক্তি বাড়াতে পাকিস্তানি পেসার জাহান্দাদ খানকে দলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। তাকে পেতে ফ্র্যাঞ্চাইজিটিকে গুনতে হয়েছে ২০ হাজার ডলার।

চট্টগ্রামে অ্যাঞ্জেলো পেরেরা 

শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো পেরেরাকে ২০ হাজার ডলারে কিনে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। এছাড়া পাকিস্তানের হায়দার আলীকে নিজেদের ডেরায় ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস। আফগান ক্রিকেটার জুবাইরউল্লাহ আকবরিকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। ২০ হাজার ডলার খরচে তাকে কিনে নিয়েছে রাজধানীর দলটি।

নোয়াখালীতে ইহসানউল্লাহ, সিলেটে জোন্স 

বিদেশি ক্যাটাগরিতে পাকিস্তানের পেসার ইহসানউল্লাহ খানকে দলে ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস। তাকে পেতে দলটিকে খরচ করতে হয়েছে ২৮ হাজার ডলার। এছাড়া যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্সকে দলে নিয়েছে সিলেট টাইটান্স। এর আগে ২৫ হাজার ডলারে লঙ্কান অলরাউন্ডার দুশান হেমান্থকে দলে নেয় রাজশাহী ওয়ারিয়র্স।

২৫ হাজার ডলারে রাজশাহীতে হেমান্থ 

শ্রীলঙ্কান ক্রিকেটারদের মধ্যে তৃতীয়জন হিসেবে দল পেয়েছেন দুশান হেমান্থ। ২৫ হাজার ডলার খরচ করে এই লেগ স্পিনিং অলরাউন্ডারকে নিজেদের ডেরায় ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।

৫৫ হাজার ডলারে ঢাকায় শানাকা, মালিক অবিক্রিত 

লঙ্কান অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার দাসুন শানাকার প্রতি আগ্রহ দেখিয়েছে ঢাকা ক্যাপিটালস। ৩৫ হাজার ডলার ভিত্তিমূল্যের এই ক্রিকেটারকে পেতে ৫৫ হাজার ডলার খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের জন্য কোনো দলই আগ্রহ দেখায়নি।

ম্যাথুসকে দলে নিল সিলেট 

অভিজ্ঞ লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসকে ৩৫ হাজার ডলারে দলে নিয়েছে সিলেট টাইটান্স। তবে দল পাননি পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আঘা ও টপ অর্ডার ব্যাটার শান মাসুদ। দক্ষিণ আফ্রিকার পেসার ওলয়েন পার্নেলও অবিক্রিত থেকে গেছেন।

৩৫ হাজার ডলারে চট্টগ্রামে ডিকভেলা 

বিদেশি ক্রিকেটারদের নিলামে প্রথম ডাক পান নিরোশান ডিকভেলা। লঙ্কান এই উইকেটকিপার-ব্যাটারকে ভিত্তিমূল্য ৩৫ হাজার ডলারেই কিনে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। তবে লঙ্কান অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা ও দুনিথ ওয়েলালাগে কোনো দল পাননি।

শুরুতেই অবিক্রিত আমের জামাল-পীযূষ চাওলা 

দেশি ক্রিকেটারদের পর্ব শেষে শুরু হয় বিদেশি ক্রিকেটারদের নিলাম। ৩৫ হাজার ডলার ভিত্তিমূল্যের ক্যাটাগরি দিয়ে শুরু হয় এই পর্ব। শুরুতেই পাকিস্তানের আমের জামালের নাম তোলা হলেও তাকে কেউ দলে নেয়নি। একইভাবে ভারতীয় অভিজ্ঞ স্পিনার পীযূষ চাওলাও অবিক্রিত থেকে গেছেন।

অবশেষে ভিত্তিমূল্যে দল পেলেন মুশফিক ও মাহমুদউল্লাহ

নিলামের প্রথম ডাকে অবিক্রিত থাকলেও অবশেষে বিপিএলে দল পেয়েছেন দুই অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। দেশি ক্রিকেটারদের মূল নিলাম শেষ হওয়ার পর দ্বিতীয় ডাকে তাদের দলে নেওয়া হয়েছে। ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকায় মাহমুদউল্লাহ রিয়াদকে কিনে নিয়েছে রংপুর রাইডার্স। অন্যদিকে সমান ৩৫ লাখ টাকায় মুশফিকুর রহিমকে দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হকও প্রথম ডাকে অবিক্রিত থেকে গিয়েছিলেন। তাঁকে ২২ লাখ টাকা ভিত্তিমূল্যে নিয়েছে সিলেট টাইটান্স। এছাড়া ভিত্তিমূল্য ১১ লাখ টাকায় মইনুল ইসলামকে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। একই মূল্যে রহমতউল্লাহ আলিকে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস।

ভিত্তিমূল্যে দল পেলেন হালিম-রবি-জায়েদ

ভিত্তিমূল্যে দল পেয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। পেসার আব্দুল হালিমকে ১৪ লাখ টাকা এবং লেগ স্পিনার মেহেদি হাসান সোহাগকে ১১ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর রাইডার্স। অভিজ্ঞ স্পিনিং অলরাউন্ডার রবিউল ইসলাম রবি ১১ লাখ টাকায় সিলেট টাইটান্সে যোগ দিয়েছেন। এছাড়া ১১ লাখ টাকার ভিত্তিমূল্যে জায়েদ উল্লাহকে ঢাকা ক্যাপিটালস এবং উইকেটকিপার-ব্যাটার জাহিদুজ্জামান খান সাগরকে চট্টগ্রাম রয়্যালস কিনে নিয়েছে।

মুগ্ধকে নিয়ে কাড়াকাড়ি, ওয়াসি রাজশাহীতে

‘ই’ ক্যাটাগরিতে পেসার মুকিদুল ইসলাম মুগ্ধকে দলে পেতে লড়াই জমে ওঠে রাজশাহী ও চট্টগ্রামের মধ্যে। শেষ পর্যন্ত ১৪ লাখ টাকা ভিত্তিমূল্যের এই পেসারকে ৩৩ লাখ টাকায় কিনে নেয় চট্টগ্রাম রয়্যালস। এছাড়া তরুণ লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকিকে ১৯ লাখ টাকায় দলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। পেসার রবিউল হক ১৮ লাখ টাকায় রাজশাহী ওয়ারিয়র্সে নাম লিখিয়েছেন।

ভিত্তিমূল্যে দল পেলেন আরও যারা

‘সি’ ক্যাটাগরিতে ১৪ লাখ টাকার ভিত্তিমূল্যে দল পেয়েছেন একঝাঁক ক্রিকেটার। এর মধ্যে শহিদুল ইসলাম, রাহাতুল ফেরদৌস জাভেদ ও তৌফিক খান তুষার গেছেন সিলেট টাইটান্সে। শুভাগত হোম চৌধুরী ও সালমান হোসেনকে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। আব্দুল্লাহ আল মামুন ও মারুফ মৃধা যোগ দিয়েছেন ঢাকা ক্যাপিটালসে। এছাড়া সাব্বির হোসেন, সৈকত আলি ও বাঁহাতি পেসার মেহেদি হাসান রানাকে ভিত্তিমূল্যে দলে ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস।

প্রথম পর্ব শেষে কেমন হলো ৬ দল

রাজধানীর পাঁচ তারকা হোটেলে চলছে বিপিএলের জমজমাট নিলাম। স্থানীয় ক্রিকেটারদের একটি ক্যাটাগরি বাদে নিলাম শেষে দলগুলো তাদের মূল স্কোয়াড গুছিয়ে এনেছে। নিলামের আগেই সরাসরি চুক্তিতে কিছু তারকাকে নিশ্চিত করা ফ্র্যাঞ্চাইজিরা নিলামে লড়াই করেছে পছন্দের ক্রিকেটারদের জন্য।

রংপুর রাইডার্স 
সরাসরি চুক্তি: নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, খাজা নাফায়, সুফিয়ান মুকিম।
নিলাম থেকে: তাওহিদ হৃদয় (৯২ লাখ), লিটন দাস (৭০ লাখ), নাহিদ রানা (৫৬ লাখ), রকিবুল হাসান (৪২ লাখ), আলিস আল ইসলাম (২৮ লাখ), মৃত্যুঞ্জয় চৌধুরী (১৮ লাখ) ও নাঈম হাসান (১৮ লাখ)।

চট্টগ্রাম রয়্যালস
সরাসরি চুক্তি: শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, আবরার আহমেদ।
নিলাম থেকে: মোহাম্মদ নাঈম শেখ (১ কোটি ১০ লাখ), শরিফুল ইসলাম (৪৪ লাখ), মাহমুদুল হাসান জয় (৩৭ লাখ), সুমন খান (৩২ লাখ), জিয়াউর রহমান (৩০ লাখ), আবু হায়দার রনি (২২ লাখ) ও আরাফাত সানি (১৮ লাখ)।

ঢাকা ক্যাপিটালস
সরাসরি চুক্তি: তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান, অ্যালেক্স হেলস।
নিলাম থেকে: মোহাম্মদ সাইফউদ্দিন (৬৮ লাখ), শামীম হোসেন পাটোয়ারী (৫৬ লাখ), মোহাম্মদ মিঠুন (৫২ লাখ), তাইজুল ইসলাম (৩০ লাখ), সাব্বির রহমান (২৮ লাখ), নাসির হোসেন (১৮ লাখ), তোফায়েল আহমেদ (১৮ লাখ) ও ইরফান শুক্কুর (১৮ লাখ)।

নোয়াখালী এক্সপ্রেস
সরাসরি চুক্তি: হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস, কুশল মেন্ডিস।
নিলাম থেকে: হাবিবুর রহমান সোহান (৫০ লাখ), জাকের আলী অনিক (৩৫ লাখ), মাহিদুল ইসলাম অঙ্কন (৩৫ লাখ), নাজমুল ইসলাম অপু (১৮ লাখ), আবু হাশিম (১৮ লাখ), মুশফিক হাসান (১৮ লাখ), শাহাদাত হোসেন দিপু (১৮ লাখ) ও রেজাউর রহমান রাজা (১৮ লাখ)।

রাজশাহী ওয়ারিয়র্স
সরাসরি চুক্তি: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ।
নিলাম থেকে: তানজিম হাসান সাকিব (৬৮ লাখ), ইয়াসির আলী চৌধুরী (৪৪ লাখ), আব্দুল গাফফার সাকলাইন (৪৪ লাখ), এসএম মেহেরব হোসেন (৩৯ লাখ), আকবর আলী (৩৪ লাখ), রিপন মন্ডল (২৫ লাখ), জিসান আলম (১৮ লাখ) ও হাসান মুরাদ (১৮ লাখ)।

সিলেট টাইটান্স
সরাসরি চুক্তি: মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, সাইম আইয়ুব, মোহাম্মদ আমির।
নিলাম থেকে: সৈয়দ খালেদ আহমেদ (৪৭ লাখ), পারভেজ হোসেন ইমন (৩৫ লাখ), আরিফুল ইসলাম (২৬ লাখ), রুয়েল মিয়া (২৩ লাখ), আফিফ হোসেন ধ্রুব (২২ লাখ), রনি তালুকদার (২২ লাখ), জাকির হাসান (২২ লাখ) ও ইবাদত হোসেন চৌধুরী (২২ লাখ)।

দল পেলেন এবাদত-রাব্বি

এবাদত হোসেনকে ২২ লাখ টাকায় দলে ভিড়িয়েছে সিলেট টাইটান্স। তবে টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক দ্বিতীয় ডাকেও কোনো দল পাননি। সাদমান ইসলামকে পুনরায় নিলামে তোলা হলেও তিনিও অবিক্রিত থেকে গেছেন। এদিকে অফ স্পিনার নাইম হাসানকে পেতে ৮০ লাখ টাকা খরচ করেছে রংপুর রাইডার্স। পেসার রেজাউর রহমান রাজাকে ১৮ লাখে দলে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। এছাড়া তোফায়েল আহমেদকে ভিত্তিমূল্যে ও ইরফান শুক্কুরকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। অভিজ্ঞ পেসার কামরুল ইসলাম রাব্বি রংপুরে এবং স্পিনার আরাফাত সানি চট্টগ্রাম রয়্যালসে জায়গা করে নিয়েছেন।

নোয়াখালীতে দিপু, সাকলাইন-মেহরব রাজশাহীতে 

আব্দুল গাফফার সাকলাইন ৪৪ লাখ টাকায় দল পেয়েছেন, তাকে দলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। একই দল ৩৯ লাখ টাকা খরচ করে দলে ভিড়িয়েছে মেহরব হোসেনকে। তবে শেখ পারভেজ হোসেন জীবন ও ফজলে রাব্বি নিলামে অবিক্রিত থেকে গেছেন। তরুণ ব্যাটার শাহাদাত হোসেন দিপুকে দলে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। এছাড়া ২৬ লাখ টাকায় আরিফুল ইসলামকে নিজেদের ডেরায় ভিড়িয়েছে সিলেট।

ঢাকায় নাসির, জিয়াউর চট্টগ্রামে

পেস অলরাউন্ডার জিয়াউর রহমান ৩০ লাখ টাকায় চট্টগ্রাম রয়্যালসে যোগ দিয়েছেন। বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে ১৮ লাখ টাকায় দলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। পেসার রুয়েল মিয়াকে দলে টেনেছে সিলেট। দীর্ঘদিন পর আলোচনায় থাকা নাসির হোসেনকে ১৮ লাখ টাকায় দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস।

সোহানের বাজিমাত, জিসান-রিপন রাজশাহীর ডেরায়

পেসার রিপন মন্ডল ২৫ লাখ টাকায় রাজশাহী ওয়ারিয়র্সে যোগ দিয়েছেন। স্পিনার আলিস আল ইসলামকে ২৮ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর রাইডার্স। তবে চমক দেখিয়েছেন হাবিবুর রহমান সোহান। তাকে ৫০ লাখ টাকায় দলে ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস। এছাড়া হার্ডহিটার ব্যাটার জিসান আলমকে ১৮ লাখ টাকায় দলে পেয়েছে রাজশাহী।

ঢাকায় সাব্বির, আকবর রাজশাহীতে

আকবর আলীকে দলে নিয়েছে রাজশাহী। তাকে নিতে দলটির খরচ হয়েছে ৩৪ লাখ। ২২ লাখে মাহফিজুল ইসলাম রবিন দল পেয়েছেন চট্টগ্রামে। সাব্বির রহমানকে ২৮ লাখ টাকায় দলে নিয়েছে ঢাকা।

৩০ লাখ টাকায় ঢাকায় তাইজুল

রাকিবুল হাসনকে ৪২ লাখে দলে নেয় রংপুর রাইডার্স। রনি তালুকদারকে দলে নিয়েছে সিলেট। এরপর তাইজুল ইসলামও দল পেয়েছেন। ৩০ লাখ টাকায় তাকে দলে নিয়েছে ঢাকা।

ঢাকায় মিঠুন, নাহিদ রানা রংপুরে

দর হেঁকে ৫২ লাখ টাকায় ঢাকা কিনেছে মোহাম্মদ মিঠুনকে। আরেক পেসার নাহিদ রানা ৫৬ লাখ টাকায় গেছেন রংপুর রাইডার্সে। ২২ লাখে আফিফ হোসেনকে দলে নিয়েছে সিলেট। আবু হায়দার রনিকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম। মাহমুদুল হাসান জয়কে ৩৭ লাখে তাকে দলে নেয় চট্টগ্রাম। 

নিয়মের মারপ্যাঁচে নোয়াখালীতে জাকের ও অঙ্কন

'বি' ক্যাটাগরির শেষ দুই ক্রিকেটার মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলি অনিককে ভিত্তিমূল্য ৩৫ লাখ ডলারেই পেয়ে গেল নোয়াখালী এক্সপ্রেস। অন্য দলগুলো আগেই নিজেদের কোটা পূরণ করে ফেলায় কোনো বিডিং হয়নি এই দুই ক্রিকেটারদের। অবিক্রিত থেকে গেছেন ‘সি’ ক্যাটাগরিতে থাকা জাতীয় দলের পেসার এবাদত হোসেন।

ঢাকায় সাইফউদ্দিন-সিলেটে খালেদ

বেশ লড়াই করে ৬৮ লাখে সাইফউদ্দিনকে দলে ঢাকা। এরপর খালেদ আহমেদকে ৪৭ লাখে দলে নেয় সিলেট। ৪৪ লাখে ইয়াসির আলী রাব্বিকে দলে নিয়েছে রাজশাহী।

৩৫ লাখে সিলেটে পারভেজ হোসেন ইমন, রাজশাহীতে সাকিব

ভিত্তিমূল্য ৩৫ লাখে সিলেট টাইটান্সে পারভেজ হোসেন ইমন। ৬৫ লাখে তানজিম সাকিবকে নেয় রাজশাহী।

৪৪ লাখে চট্টগ্রামে শরিফুল

বি ক্যাটাগরি থেকে ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যের শরিফুল ইসলামকে ৪৪ লাখ টাকায় দলে নেয় চট্টগ্রাম।

৫৬ লাখে ঢাকায় শামীম

বি ক্যাটাগরি থেকে শামীম হোসেন পাটোয়ারীকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। ৫৬ লাখ টাকা খরচ হয়েছে তাদের।

৯২ লাখে রংপুরে হৃদয়

লিটনের পর তাওহিদ হৃদয়কে দলে নিলো রংপুর রাইডার্স। ৩৫ লাখ ভিত্তিমূল্যের হৃদয়কে ৯২ লাখ টাকায় নিয়েছে রংপুর।

অবিক্রিত মুশফিক ও মাহমুদউল্লাহ

নিলামের প্রথম ধাপে দল পেলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। বি ক্যাটাগরি থেকে ৩৫ লাখ টাকায় তার প্রতি কোনো দল আগ্রহ দেখায়নি। অবিক্রিত থেকেছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমও। দুজনের ভিত্তিমূল্যই ছিল ৩৫ লাখ টাকা।

১ কোটি ১০ লাখে চট্টগ্রামে নাঈম, ৭০ লাখে রংপুরে লিটন

বিপিএল নিলামে প্রথমেই 'এ' ক্যাটাগরিতে নাম ওঠে নাইম শেখের নাম।  শুরুতেই আগ্রহ দেখায় তার প্রতি সিলেট টাইটান্স। এরপর নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালস তাকে দলে ভেড়াতে লড়াইয়ে নামে। শেষ পর্যন্ত তাকে দলে নিতে পেরেছে চট্টগ্রাম।  তাকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে নিয়েছে চট্টগ্রাম। এদিকে ৭৫ লাখ টাকায় রংপুর রাইডার্স দলে নিয়েছে লিটন দাসকে।

নিলামের আগে দল পেলেন যারা

ঢাকা ক্যাপিটালস:
দেশি: তাসকিন আহমেদ, সাইফ হাসান।
বিদেশি: অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), উসমান খান (পাকিস্তান)।

সিলেট টাইটান্স:
দেশি: মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ।
বিদেশি: মোহাম্মদ আমির (পাকিস্তান), সাইম আইয়ুব (পাকিস্তান)।

রংপুর রাইডার্স:
দেশি: মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান।
বিদেশি: খাজা নাফায় (পাকিস্তান), সুফিয়ান মুকিম (পাকিস্তান)।

নোয়াখালী এক্সপ্রেস:
দেশি: হাসান মাহমুদ, সৌম্য সরকার।
বিদেশি: জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা)।

রাজশাহী ওয়ারিয়র্স:
দেশি: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম।
বিদেশি: সাহিবজাদা ফারহান (পাকিস্তান), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান)।

চট্টগ্রাম রয়্যালস:
দেশি: শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম।
বিদেশি: আবরার আহমেদ (পাকিস্তান)।

উল্লেখ্য, বিপিএলের আগামী আসর মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর। প্রায় এক মাসের লড়াই শেষে ২৩ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে দেশের সবচেয়ে জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্টের।

বিপিএল নিলামের লাইভ

দীর্ঘ প্রতীক্ষা আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের বহুল কাঙ্ক্ষিত ‘প্লেয়ার্স অকশন’ বা খেলোয়াড় নিলাম। রাজধানীর অভিজাত হোটেল র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বসেছে ক্রিকেটার বেচা-কেনার এই জমজমাট আসর।

নিলামকে কেন্দ্র করে হোটেল প্রাঙ্গণ পরিণত হয়েছে সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং সংগঠকদের মিলনমেলায়। অংশগ্রহণকারী ছয়টি ফ্র্যাঞ্চাইজি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী ও নোয়াখালী নিজেদের পছন্দের ক্রিকেটারদের দলে ভিড়িয়ে সেরা স্কোয়াড গড়তে দর কষাকষির টেবিলে বসেছে।

গত কয়েক আসরে বিপিএলের ড্রাফট পরিচালনার দায়িত্বে বিসিবির জ্যেষ্ঠ পরিচালক মাহবুব আনামকে দেখা গেলেও এবার তিনি নেই। নিলাম পরিচালনার দায়িত্বে আছেন জনপ্রিয় ধারাভাষ্যকার সমন্বয় ঘোষ এবং চিকিৎসক, মডেল ও উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা। নিলাম পরিচালনা করবেন আরমান রাফী নিজাম। 

নিলামের মূল কক্ষে এবার গণমাধ্যমকর্মীদের প্রবেশের অনুমতি রাখা হয়নি। বিসিবি কর্মকর্তা, ফ্র্যাঞ্চাইজি মালিক, খেলোয়াড় এবং সংশ্লিষ্ট স্টাফ ছাড়া অন্যদের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। সাংবাদিকদের জন্য ভেন্যুতে আলাদা মিডিয়া লাউঞ্জের ব্যবস্থা করা হয়েছে। ফলে মূল কক্ষের ভেতরের খবর জানতে সাংবাদিকদেরও টিভি পর্দা বা বিসিবির ইউটিউব লাইভের ওপরই নির্ভর করতে হচ্ছে।

আরও পড়ুন

×