বিপিএলে উপেক্ষিত অমিত-গালিবের সেঞ্চুরি
সিলেটের হয়ে সেঞ্চুরি করা দুই ব্যাটার গালিব ও অমিত (ডানে)।
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫ | ২২:৪১
মাত্র এক দিন আগে বিপিএলের নিলাম হয়েছে। কে কত টাকা পেয়েছেন, সেটার পাশাপাশি এনসিএলে মাঠের খেলায় কার পারফরম্যান্স কেমন, সেটাও ছিল আলোচনায়। যদিও ফরম্যাট দুটি ভিন্ন। সোমবার সেঞ্চুরি করেছেন সিলেটের অমিত হাসান, আসাদুল্লাহ গালিব। আগের দিন সেঞ্চুরি করেছিলেন চট্টগ্রামের জিল্লুর রহমান বিজয়। তারা বিপিএলে দল পাননি।
দল পাওয়াদের মধ্যে চট্টগ্রাম রয়্যালসের আবু হায়দার রনি ৯৭ ও রংপুর রাইডার্সের রকিবুল হাসান ৫৫ রান করেছেন। আর ১ কোটি ১০ লাখে চট্টগ্রাম রয়্যালসে নাম লেখানো নাঈম শেখ প্রথম ইনিংসে ৮ রানে আউট হওয়ার পর সোমবার দ্বিতীয় ইনিংসে ৪ রানে অপরাজিত আছেন। বোলারদের মধ্যে নোয়াখালী এক্সপ্রেসের হাসান মাহমুদ ও সিলেট টাইটান্সের রুয়েল মিয়া ৫ উইকেট পেয়েছেন।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে সিলেট ২ উইকেটে ৩৫ রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে তুলেছে ৩৭০ রান। সিলেটের অমিত হাসান ১৭২ ও আসাদুল্লাহ গালিব ১১১ রানে অপরাজিত আছেন। চতুর্থ উইকেট জুটিতে তারা দুজন অবিচ্ছিন্নভাবে ২৬৪ রান যোগ করেছেন।
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) এটি সিলেট বিভাগের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। ২০১৪-১৫ মৌসুমে রাজিন সালেহ ও অলক কাপালীর ৩৪৮ হলো সর্বোচ্চ জুটি। রাজশাহীর প্রথম ইনিংস ২৩৬ রানে শেষ হয়েছিল। সিলেট একাডেমি মাঠে ময়মনসিংহের দুই লোয়ার অর্ডার আবু হায়দার রনি ৭৬ বলে ৭ ছক্কা ও ৮ চারে ৯৭ ও রকিবুল হাসান ৩৫ বলে ৫৫ রান করেন। তাদের প্রচেষ্টায় বরিশালের বিপক্ষে ৩৫৪ রান করে ময়মনসিংহ। বরিশালের পেসার রুয়েল মিয়া ৭৫ রানে ৫ উইকেট দখল করেন। জবাব দিতে নেমে ফজলে মাহমুদের ৯২ রানের সুবাদে ২১৭ রান তুলেছে বরিশাল।
কক্সবাজারে রংপুরকে মাত্র ১২৬ রানে গুঁড়িয়ে দেন চট্টগ্রামের দুই পেসার হাসান মাহমুদ ও ইরফান হোসেন। দুজনের তোপে ৩৩ রানে ৮ উইকেট হারায় রংপুর। এর মধ্যে হাসান মাহমুদ ৩১ রানে ৫ উইকেট নেন। এর আগে ৬ উইকেটে ২৭০ রান নিয়ে ব্যাট করতে নেমে ৩৫০ রান করে চট্টগ্রাম। খুলনায় স্বাগতিকদের বিপক্ষে অভিষেক ম্যাচে ৭৭ রান করেছেন ঢাকার ফয়সাল আহমেদ। তাঁর সঙ্গে বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সে নাম লেখানো জিশান আলমের হাফ সেঞ্চুরিতে ৫ উইকেট ২৩৫ রান করেছে ঢাকা। খুলনা প্রথম ইনিংসে ১৯৪ রান করেছিল।
- বিষয় :
- জাতীয় ক্রিকেট লিগ
- বিসিবি
- অমিত হাসান
