ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি আজ

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি আজ
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫ | ১১:১৯

পরের ম্যাচ আগামী ফেব্রুয়ারিতে। টি২০ বিশ্বকাপে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এর আগে আজই বিশ্বকাপের শেষ প্রস্তুতি সেরে নিতে হবে অধিনায়ক লিটন দাসকে। যেখানে টিম কম্বিনেশনে কিছু পরীক্ষা-নিরীক্ষার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে সেটা ছিল সিরিজ শুরু আগে। প্রথম ম্যাচটি আয়ারল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর পরীক্ষার বিলাসিতা বাদ দিতে হয়েছে। ১-১ সমতা আসায় আজ সিরিজ জয়ের ওপরই সবচেয়ে বেশি জোর দিতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। আজ একাদশে শামীম হোসেনের অন্তর্ভুক্তির সম্ভাবনা প্রবল। বিশ্বকাপের আগে অন্তত এই ম্যাচে তাঁর ব্যাটে রান দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। সেই সঙ্গে বছরটাও জয় দিয়ে শেষ করতে চান লিটনরা।

বিশ্বকাপের আগে শেষ ম্যাচ বলেই হয়তো একটা পরীক্ষা আগে থেকেই ঠিক করে রাখা হয়েছে। ম্যাচটি শুরু হবে বেলা ২টায়। কারণ কলকাতায় টি২০ বিশ্বকাপে বাংলাদেশের তিনটি ম্যাচই হবে দিনের আলোয়। সেই হিসেবে আজ অন্তত চট্টগ্রামে শিশির বা কুয়াশা নিয়ে চিন্তা করতে হবে না লিটনকে, যা কিছু ভাবনা থাকছে তা ওই মিডল অর্ডার ব্যাটিংয়েই। শেষ ম্যাচেও লিটন আর সাইফ আউট হওয়ার পর হঠাৎ ধাক্কা লেগেছিল দলে। টপ অর্ডারে ওপেনার তানজিদ তামিম দুই ম্যাচে প্রত্যাশার ধারেকাছে ছিলেন না। ২ আর ৭ রান করেছেন তিনি। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন অবশ্য দ্বিতীয় ম্যাচে ১৫৩.৫৭ স্ট্রাইকরেটে ব্যাটিং করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। 

সাইফ হাসান এই সিরিজের দুটি ম্যাচেই চার নম্বরে ব্যাটিং করেছেন। তাঁকে ওপেনিংয়ে ফেরানোর একটা পরীক্ষার ইচ্ছা রয়েছে টিম ম্যানেজমেন্টের। সেটা আজ হলেও হতে পারে। এশিয়া কাপে ওপেনিংয়ে নেমেই তিনি দলে জায়গা পাকা করেছিলেন। এর বাইরে জাকের, সোহান আর শামীমের ব্যাটে রান দেখার ভীষণ ইচ্ছা টিম ম্যানেজমেন্টের। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই রানখরায় ভুগছে তাদের কারও কারও ব্যাট। কিন্তু আজ সিরিজ জয়ের অলিখিত ফাইনাল, সেখানে উইনিং কম্বিনেশন কতটা ভাঙবেন লিটন, সেটাই দেখার অপেক্ষা।

তবে বিশ্বকাপের এখনও প্রায় দুই মাস বাকি। প্রস্তুতি নিয়ে এতটা জটিল ভাবনাচিন্তা এখনই করছেন না পেস বোলিং কোচ শন টেইট। ‘আমার মনে হয়, নিজেদের কাজ জটিল করে তোলার কোনো দরকার নেই। শুধু ভালো ক্রিকেট খেলতে হবে এবং জিততে হবে। প্রতিটি ম্যাচ জিতলেই সেটা থেকে আত্মবিশ্বাস মেলে। বিশ্বকাপের আগে আমাদের বিরতি আছে। আমরা যদি সিরিজ জয় দিয়ে বিরতিতে যেতে পারি, সেটাই হবে সবচেয়ে ভালো ব্যাপার।’ 

দলের মুখপাত্র হয়ে টেইট গতকাল চট্টগ্রামে যা বলছেন, তাতে ইঙ্গিত পরিষ্কার, পরীক্ষা-নিরীক্ষার চেয়ে আগে সিরিজ জয় নিশ্চিত করতে চায় দল। কেননা এই বছর শুরু হয়েছিল আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ জয় দিয়ে, কিন্তু মে মাসে শারজাহতে সেই সিরিজটা কিন্তু হেরে গিয়েছিল বাংলাদেশ। সব মিলিয়ে এ বছর ২৯টি টি২০ ম্যাচ খেলে জয় এসেছে ১৪টিতে। যার মধ্যে শ্রীলঙ্কায় গিয়ে সিরিজ জয়, পাকিস্তানকে মিরপুরে সিরিজ হার ছাড়াও এশিয়া কাপে আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোটা স্মরণীয় হয়ে আছে। গোছানো হয়ে গেছে টি২০ বিশ্বকাপের দলটিও। সেখানে নতুন কারও অন্তর্ভুক্তি যে কোচ-অধিনায়কের কেউই চান না, সেটা সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে বিস্ফোরক মন্তব্যেই পরিষ্কার করে দিয়েছেন লিটন।

আরও পড়ুন

×