ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

হ্যাম্পশায়ারের প্রধান কোচের দায়িত্বে রাসেল ডমিঙ্গো

হ্যাম্পশায়ারের প্রধান কোচের দায়িত্বে রাসেল ডমিঙ্গো
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫ | ১৯:৪৯

কোচিং ক্যারিয়ারে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ইংলিশ কাউন্টি ক্রিকেটের ঐতিহ্যবাহী দল হ্যাম্পশায়ারের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ এই দক্ষিণ আফ্রিকান। দুই বছরের চুক্তিতে তিনি দলটির সঙ্গে যুক্ত হয়েছেন। হ্যাম্পশায়ারে ডমিঙ্গোর সহকারী হিসেবে কাজ করবেন শেইন বার্গার। স্কটল্যান্ডের সাবেক এই প্রধান কোচ সর্বশেষ সমারসেটের কোচিং প্যানেলে যুক্ত ছিলেন।

৫১ বছর বয়সী ডমিঙ্গোর কোচিং প্রোফাইল বেশ ভারী। নিজ দেশ দক্ষিণ আফ্রিকার হয়ে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। এরপর ২০১৯ সালের আগস্টে তিনি বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নেন। তার অধীনেই ওয়ানডে ফরম্যাটে শক্তিশালী দলে পরিণত হয় টাইগাররা। ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর তিনি নিজ দেশের ঘরোয়া দল ‘লায়ন্স’-এর প্রধান কোচ হন। এছাড়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের ডাগআউটেও দেখা গেছে তাকে।

টাইগারদের ডাগআউটে ডমিঙ্গোর সময়কাল ছিল অম্ল-মধুর। দল নির্বাচন ও কৌশল নিয়ে গণমাধ্যম এবং সমর্থকদের কড়া সমালোচনার মুখে পড়লেও পরিসংখ্যান তার পক্ষেই কথা বলে। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে তিনি নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। তার আমলেই দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। এছাড়া ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ জয় এবং ২০২৩ বিশ্বকাপ সুপার লিগে তৃতীয় হয়ে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করা ছিল তার সময়ের বড় সাফল্য।

ডমিঙ্গো হ্যাম্পশায়ারের দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত ডমিঙ্গো। এক বিবৃতিতে তিনি বলেন, ‘হ্যাম্পশায়ার ক্রিকেটে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। এই ক্লাবের ইতিহাস অবিশ্বাস্য এবং ইউটিলিটা বোলের সুযোগ-সুবিধাও দারুণ। মাঠ এবং মাঠের বাইরে তাদের সাফল্যের যে সুনির্দিষ্ট পরিকল্পনা, তা আমাকে মুগ্ধ করেছে।’

তিনি আরও বলেন, ‘ট্রফির জন্য লড়াই করার পাশাপাশি তরুণ প্রতিভাদের গড়ে তোলার যে চ্যালেঞ্জ, আমি ঠিক সেটাই খুঁজছিলাম। কাজ শুরু করার জন্য আমার আর তর সইছে না।’

আরও পড়ুন

×