ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিপিএলের আগেই প্রশ্নবিদ্ধ চট্টগ্রাম

বিপিএলের আগেই প্রশ্নবিদ্ধ চট্টগ্রাম
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫ | ১২:১৮ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ | ১৪:১৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ার আগেই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। এই দলের কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ নিয়ে প্রশ্ন উঠেছে। হাবিবুল বাশার ম্যানেজার ও মেন্টরের পদ ছেড়ে দেওয়ায় ফিসফাস জোরালো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ বেড়েছে। 

বিসিবির একজন কর্মকর্তা জানান, চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির কোচিং স্টাফ, কর্মকর্তা ও সাপোর্ট স্টাফদের তালিকা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন বিভাগে দেওয়া হয়েছে ‘ব্যাকগ্রাউন্ড’ চেক করে দেখার জন্য। এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ব্রাদার্স ইউনিয়নের কর্মকর্তা আমিন খান জড়িত বলে সন্দেহ বিসিবি কর্মকর্তাদের। চট্টগ্রামের মালিক পক্ষের কেউ ফোন না ধরায় এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, নোয়াখালী এক্সপ্রেস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স জাতীয় পর্যায়ের কোচ নিয়োগ দিলেও চট্টগ্রাম রয়্যালস বিভাগীয় কোচ মমিনুল হককে নিয়োগ দিয়েছে। ব্রাদার্স ইউনিয়নের কোচ ছিলেন তিনি। বিসিবি থেকে জানা গেছে, দলটির একজন কর্মকর্তা আমিন খানের আত্মীয়। এ ব্যাপারে জানতে চাওয়া হলে আমিন খান বলেন, ‘চট্টগ্রামের সঙ্গে আমি নেই। ব্রাদার্সের কোচ মমিন আছে। এ কারণে হয়তো কেউ কেউ আমার সম্পৃক্ত থাকার কথা ভাবছে।’ 

তিনি জানান, চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির টিম ম্যানেজমেন্টে তাঁর কোনো আত্মীয় নেই। ব্রাদার্স ইউনিয়নের এই কর্মকর্তাকে নিয়ে সন্দেহের কারণ দুর্বার রাজশাহীর সঙ্গে জড়িত ছিলেন তিনি। বিসিবি দুর্নীতি দমন বিভাগের লাল তালিকায় আমিন খানের নাম রয়েছে বলে জানা গেছে। 

ক্রিকেট বোর্ডের একজন পরিচালক বলেন, ‘তিন সদস্যের তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী সন্দেহের তালিকায় আমিন খান আছেন। সে পরোক্ষে চট্টগ্রাম দলের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। তারা যে কোচ নিয়োগ দিয়েছে, সেটা নিয়ে ফিসফাস চলছে। এ ছাড়া হাবিবুল বাশার সরে গেছেন। এসব কারণে এই দলের ওপর বেশি নজর দিতে হচ্ছে।’

বিপিএলে পাঁচ বছরের জন্য চট্টগ্রামের এই ফ্র্যাঞ্চাইজিকে নেওয়া হয়েছে। ফ্র্যাঞ্চাইজি ফি, ব্যাংক জামানত ইস্যুতে কিছুটা দুর্বলতা ছিল। ফ্র্যাঞ্চাইজি বাতিল করে বিসিবি নিজে চালানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল। এত দুর্বলতা থাকার পরও চট্টগ্রামকে ফ্র্যাঞ্চাইজি দেওয়ায় প্রশ্নবিদ্ধ হয়েছে বিসিবি। টুর্নামেন্ট শুরুর আগেই ইন্টিগ্রিটি ইস্যু প্রশ্ন ওঠা একটি দলের পাঁচ বছর বিপিএলে টিকে থাকা কঠিন হতে পারে। 

আরও পড়ুন

×