ম্যানসিটির কাছে হারলেই চাকরি যাবে জাবির!
রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫ | ২২:১৪ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ | ২২:১৫
আচমকাই ছন্দপতন হয়েছে রিয়াল মাদ্রিদের। লা লিগায় টানা তিন ড্রয়ের পর গত সপ্তাহে জিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছিলেন রিয়াল বস জাবি আলোনসো। তবে রোববার ঘরের মাঠে সেল্টা ভিগোর কাছে ২-০ গোলে হেরে গেছে তারা। এ হারে বার্সার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে গেছে রিয়াল।
ক্লাবের এ দুর্দশায় চাপ পড়ে গেছেন রিয়াল বস। আগামীকাল বুধবার ঘরের মাঠ বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জিততে না পারলে বিপদ আরও বেড়ে যাবে তাঁর। সংবাদ মাধ্যম মার্কা দাবি করেছে, মাদ্রিদ বোর্ডের সঙ্গে বৈঠক করেছেন জাবি। ম্যানসিটির বিপক্ষে ঘরের মাঠে হারলেই তাকে ছাঁটাই করার মতো সিদ্ধান্ত নিতে পারে লস ব্লাঙ্কোসরা।
এমনকি দি অ্যাথলেটিক জাবি আলোনসোর বিকল্প নামও জানিয়ে দিয়েছে। সংবাদ মাধ্যমটির মতে, আলভারো আরবিলোয়াকে হেড কোচের দায়িত্ব দিতে পারেন ফ্লোরেন্তিনো পেরেজ। সাবেক এই স্প্যানিশ ফুটবলার বর্তমানে রিয়াল কাস্তিলার দায়িত্বে আছেন।
জাবি অবশ্য ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী। তার মতে, মৌসুমের এখনও অনেক বাকি। তাই বলে রেফারির সমালোচনা করতে ছাড়েননি তিনি। রিয়াল বোর্ড তাকে হুমকি দেওয়ার পাশাপাশি গুছিয়ে নেওয়ার পথও বাতলে দিয়েছেন। বৈঠকে জাবিকে বলা হয়েছে, ভিনিসহ অপছন্দের খেলোয়াড়দের সঙ্গে মিটমাট করে নিতে।
ম্যানসিটির বিপক্ষে ম্যাচে জিতে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন জাবিও, ‘ম্যানসিটির বিপক্ষে চ্যাম্পিয়ন লিগে আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। এই খারাপ অনুভূতিটা আমাদের ঝেড়ে ফেলতে হবে।’
- বিষয় :
- জাবি আলোনসো
- রিয়াল মাদ্রিদ
