ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সালাহবিহীন লিভারপুলের ইতালি জয়

সালাহবিহীন লিভারপুলের ইতালি জয়
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫ | ১০:৩৩

মোহাম্মদ সালাহ নেই, তাতে কী? সান সিরো থেকে জয় নিয়েই ফিরেছে লিভারপুল। আর্নে স্লটের দল প্রমাণ করল, মিশরীয় তারকাকে ছাড়াও জয়ের পথ চেনে তারা। চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে শেষ মুহূর্তের গোলে ইন্টার মিলানকে ১-০ ব্যবধানে হারিয়েছে অলরেডরা।

ম্যাচের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সালাহ ও কোচ স্লটের দ্বন্দ্ব। কোচের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকায় স্কোয়াডের বাইরে ছিলেন এই ফরোয়ার্ড। তবে মাঠের খেলায় তার অভাব বুঝতে দেননি সতীর্থরা। যদিও ম্যাচের ভাগ্য নির্ধারণের জন্য অপেক্ষা করতে হয়েছে ৮৮ মিনিট পর্যন্ত।

বক্সের ভেতর বদলি নামা ফ্লোরিয়ান ভির্টজের জার্সি টেনে ধরেন ইতালিয়ান ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি। ভিএআরের দীর্ঘ পর্যবেক্ষণের পর রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে ইন্টার গোলরক্ষক ইয়ান সোমারকে পরাস্ত করে দলের জয় নিশ্চিত করেন হাঙ্গেরিয়ান মিডফিল্ডার ডমিনিক শোবোস্লাই।

এর আগে প্রথমার্ধের ৩২ মিনিটে ইব্রাহিমা কোনাতে জালের দেখা পেলেও ভিএআর চেকে তা বাতিল হয়ে যায়। বিল্ডআপের সময় হুগো একিতিকের হাতে বল লাগায় গোলটি টেকেনি। প্রথমার্ধে লিভারপুল দাপট দেখালেও, দ্বিতীয়ার্ধে ইন্টারও ম্যাচে ফেরার চেষ্টা করে। লাউতারো মার্টিনেজের হেড দারুণভাবে ঠেকিয়ে দেন অ্যালিসন বেকার।

এই জয়ে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ আটে উঠে এল লিভারপুল। অন্যদিকে, নিজেদের মাঠে দীর্ঘ ১৯ ম্যাচ পর চ্যাম্পিয়ন্স লিগে হারের স্বাদ পেল ইন্টার মিলান। সবশেষ ২০২২ সালের সেপ্টেম্বরে বায়ার্ন মিউনিখের কাছে ঘরের মাঠে হেরেছিল ইতালিয়ান জায়ান্টরা।

আরও পড়ুন

×