আলনসোর চাকরি বাঁচানোর ম্যাচ আজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫ | ১০:৪৪
বিপদ যেন চারদিক থেকে ঘিরে ধরতে শুরু করেছে রিয়াল মাদ্রিদ বস জাবি আলোনসোকে। সেল্টা ভিগোর কাছে লজ্জার হারের পর ম্যানচেস্টার সিটির বিপক্ষের ম্যাচটিকে ঘুরে দাঁড়ানোর টার্গেট বানিয়ে ছিলেন রিয়াল কোচ। কিন্তু এই ম্যাচে প্রধান অস্ত্র কিলিয়ান এমবাপ্পেকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
স্প্যানিশ জায়ান্টদের ফরোয়ার্ড লাইনের অবস্থা এমনিতেই ভালো না, তার ওপর এমবাপ্পে খেলতে না পারলে নিশ্চিতভাবেই নির্ভার হয়ে মাঠে নামবে পেপ গার্দিওলার সিটি। ফরাসি তারকার চোটে আজ সান্টিয়াগো বার্নাব্যুতে আর্লিং হালান্ডের সঙ্গে বহু কাঙ্ক্ষিত দ্বৈরথও অনিশ্চিত হয়ে গেছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে সময়ের সেরা দুই তারকার লড়াই নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে ভালোই আগ্রহ তৈরি হয়েছে। সেটার একটা আগাম মহড়া বুঝি হলো না!
সেল্টা ভিগোর বিপক্ষে ২-০ গোলে হারা ম্যাচে আঙুল ভেঙে গেছে এমবাপ্পের। এজন্য গতকাল অনুশীলনে ছিলেন না তিনি। সেল্টার কাছে হারের পরই স্প্যানিশ মিডিয়ায় তাঁর বিদায়ের গুঞ্জন শোনা যাচ্ছে। লা লিগায় টানা তিন ড্রয়ের পর এক ম্যাচ জিতলেও সেল্টার কাছে হারে উদ্বিগ্ন রিয়াল বোর্ড। আজ সিটির কাছে হারলে আলোনসোর চেয়ার যে নড়েবড়ে হয়ে যাবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না।
তবে জাবি আলোনসো এই কঠিন সময় কাটিয়ে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী। ‘রিয়ালের কোচ হিসেবে এমন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতেই হয়। শান্তভাবে দায়িত্ব নিয়ে একতাবদ্ধ হয়ে এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে। আগামীকালের ম্যাচের জন্য আমরা প্রস্তুত। আমরা জানি এই একটি ম্যাচই সবকিছু বদলে দিতে পারে।’
লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে ২৫ গোল করা এমবাপ্পে খেলতে না পারলে রদ্রিগোকে নামানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। দুর্দান্ত ফর্মে থাকা হালান্ডকে আটকাতে হিমশিম খেতে হতে পারে তাদের। চলতি মৌসুমে ২০ ম্যাচে ২০ গোল করেছেন সিটির এ নরওয়েজিয়ান স্ট্রাইকার। ইতিহাস অবশ্য রিয়ালের পক্ষে। সিটির বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচে তিন জয় রিয়ালের। সিটি জিতেছে ১টি ও ড্র হয়েছে ১টি।
- বিষয় :
- রিয়াল মাদ্রিদ
- জাভি আলোনসো
