যুব এশিয়া কাপে সূর্যবংশীর ১৭১ রানের বিধ্বংসী ইনিংস
১৫ বছর ভারতীয় ক্রিকেটার সূর্যবংশী। ছবি: ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫ | ১৪:২৮ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ | ১৭:১৫
অনূর্ধ্ব-১৯ ওয়ানডে এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৭১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছে ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। তার ইনিংসে ভর ৬ উইকেটে ৪৩৩ রানের বিশাল সংগ্রহ পেয়েছে ভারতের যুবারা। যুবাদের ওয়ানডে ফরম্যাটে যা তৃতীয় সর্বাধিক এবং ভারতের সর্বাধিক স্কোর।
যুব ওয়ানডেতে সর্বাধিক রানের রেকর্ড অস্ট্রেলিয়ার। কেনিয়ার বিপক্ষে ২০০২ সালে ৬ উইকেটে ৪৮০ করেছিল তারা। দ্বিতীয় অবস্থানে থাকা নিউজিল্যান্ডের রান ৪ উইকেটে ৪৩৬। এটাও কেনিয়া যুবাদের বিপক্ষে ২০১৮ সালে করা। ভারতের আগের সর্বাধিক রান ছিল ৪২৫। যা ২০০৪ সালে স্কটল্যান্ডের বিপক্ষে করেছিল।
শুক্রবার দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে ব্যাটিংয়ে নেমে ভারত শুরুতে ওপেনার ও অধিনায়ক আয়ূশ মাত্রেকে হারায়। ব্যক্তিগত ৪ ও দলীয় ৮ রানে ফেরেন তিনি। সূর্যবংশী ও তিনে নামা অ্যারন জর্জ সেখান থেকে ১৪৬ বলে ২১২ রান যোগ করেন। জর্জ ৭৩ বলে ৬৯ রান করে ফিরে যান। সাতটি চার ও একটি ছক্কা মারেন।
তৃতীয় ব্যাটার হিসেবে সূর্যবংশী দলের ২৬৫ রানে আউট হন। এর মধ্যে নিজের নামের পাশে ১৭১ রান যোগ করেন। তার ৯৫ বলের ইনিংসে ১৪টি ছক্কা ও নয়টি চারের শট ছিল। আইপিএল ইতিহাসের সবচেয়ে কম বয়সে সবচেয়ে দ্রুতগতির সেঞ্চুরি করা বৈভব ৫৬ বলে শত রানের দেখা পান।
তার দেওয়া ভিত্তির ওপর দাঁড়িয়ে দলের রান বাড়িয়ে নেন বিহান মালোত্রা ও বেদান্ত ত্রিবেদি। এর মধ্যে বিহান ৫৫ বলে সাত চার ও এক ছক্কায় ৬৯ রান করেন। ত্রিবেদি ৩৪ বলে ৩৮ রান যোগ করেন।
- বিষয় :
- বৈভব সূর্যবংশী
