নড়বড়ে জাবির চাকরি, রিয়ালের কোচের তালিকায় যারা
জাবি চাকরি হারালে কোচ হিসেবে জিদান-ক্লপের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা রয়েছে। ছবি: গোল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫ | ১৬:১৯
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারায় রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোর চাকরির সুতোয় টান পড়েছে। লিগেও শীর্ষস্থান থেকে টানা পয়েন্ট হারিয়ে দুইয়ে নেমে গেছে তার দল। গুঞ্জন আছে, লিগে আলাভেসের বিপক্ষে হারলে চাকরি যাবে জাবির।
সংবাদ মাধ্যম দিয়ারিও স্পোর্টস দাবি করেছে, আলাভেসের বিপক্ষে হারলে তাৎক্ষণিকভাবে বরখাস্ত হতে পারেন জাবি আলোনসো। এমনকি আলাভেসের বিপক্ষে জিতলেও তার চাকরি পাকা নয় বলে উল্লেখ করা হয়েছে।
জাবি চাকরি হারালে রিয়ালের ডাগ আউটে কে দাঁড়াতে পারেন তার একটা তালিকা দিয়েছে সংবাদ মাধ্যম গোল। রিয়ালের সাবেক কোচ জিনেদিন জিদান, ক্লান্তির কথা বলে লিভারপুলের চাকরি ছেড়ে যাওয়া জার্গেন ক্লপসহ তালিকায় রিয়াল কাস্তিলার কোচ আলভারো আরবিলোয়া আছেন।
কার্লো আনচেলত্তি রিয়ালের চাকরি ছাড়ার পর সংবাদ মাধ্যম দাবি করেছিল, জার্গেন ক্লপ রিয়ালের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। রিয়াল মাদ্রিদ তার স্বপ্নের চাকরি এমন কথাও বলা হয়েছিল। রেড বুল গ্রুপের সঙ্গে কাজ করা ক্লপের নাম আছে গোলের তালিকায়। জিদানকে রাখা হয়েছে দুইয়ে। যদিও ২০২৬ বিশ্বকাপের পর জিদান ফ্রান্সের কোচ হবেন এমন গুঞ্জন আছে। জিজুও নাকি ফ্রান্সের কোচ হওয়ার অপেক্ষায় আছেন।
স্প্যানিশ কোচ অ্যান্দোনি অ্যারোলার নাম রাখা হয়েছে তিনে। লা লিগার রায়ো ভায়োকানোকে কাজ করেছেন তিনি। বর্তমানে বোর্নামাউথে আছেন। ৪৩ বছর বয়সী এই কোচের বড় কোন ক্লাবের দায়িত্ব পাওয়া উচিত এমন কথা বলা হয়। সেই ক্লাব রিয়াল মাদ্রিদ হয়ে যেতে পারে। যদিও মাদ্রিদ বোর্ড জাবির নিয়োগ থেকে শিক্ষা নিয়ে তরুণ কোচের দিকে নাও ঝুঁকতে পারে।
তালিকায় ওপরের দিকে আছে ভিয়ারিয়ালের কোচ মার্সেলিনোর নাম। স্প্যানিশ এই কোচের লা লিগায় কোচিং করানোর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সেভিয়া, ভ্যালেন্সিয়া, অ্যাথলেটিকো বিলবাওয়ে কোচিং করিয়েছেন তিনি। চলতি লিগে ভিয়ারিয়াল তিনে আছে। পরের নামটি রর্বাতো ডি জার্ভির। তার সঙ্গে রিয়াল ২০২২-২৩ মৌসুম শেষে যোগাযোগ করেছিল। আলাপ এগোয়নি। ব্রাইটনে দারুণ কাজ করে যাওয়া এই ইতালিয়ান কোচ মার্সেইতে কাজ করছেন।
ক্যাস্তিলার কোচদের নিয়ে রিয়াল মাদ্রিদের সবসময় পরিকল্পনা থাকে। মূল দলের ভবিষ্যত উত্তরসূরী হিসেবে দেখা হয় ক্যাস্তিলা কোচকে। সাবেক স্প্যানিশ ফুটবলার ও কাস্তিলা কোচ আলভারো আরবেলোয়াও আলোচনায় আছেন। কিন্তু জোরালো নয় তার নাম। ৫১ বছর বয়সী অস্ট্রিলিয়া কোচ অলিভার গ্লাসনারও আছেন আলোচনায়। ক্রিস্টাল প্যালেসে কাজ করা এই কোচ ফ্রাঙ্কফুটকে ইউরোপা লিগ জিতিয়েছেন। যা বিবেচনায় নিতে পারে লস ব্লাঙ্কোসরা।
- বিষয় :
- জিনেদিন জিদান
- জাবি আলোনসো
- জার্গেন ক্লপ
