ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিশ্বকাপ খেলার স্বপ্ন ছাড়েননি বেনজামা

বিশ্বকাপ খেলার স্বপ্ন ছাড়েননি বেনজামা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫ | ২১:৫২

রিয়াল মাদ্রিদ ছেড়ে এসেছেন তাও প্রায় তিন বছর। ফ্রান্সের হয়েও বছর তিনেক তাঁকে দেখা যায়নি মাঠে। সেই যে কাতার বিশ্বকাপে গিয়ে প্রথম অনুশীলনেই চোট পেলেন, তারপর থেকে করিম বেনজামা একরকম যেন হারিয়েই গেছেন জাতীয় দল থেকে। যদিও অবসরের ঘোষণা তিনি কখনোই দেননি, তবে এমবাপ্পেদের দলে আর দেখা যায়নি তাঁকে। ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়ে এখন আল ইত্তিহাদেই খেলছেন এই স্ট্রাইকার।

তবে মনের ভেতর লালিত বিশ্বকাপ খেলার স্বপ্ন এখনও ছাড়েননি। ‘আমি একজন ফুটবলার, সুতরাং আমি ফুটবল খেলতেই ভালোবাসি। তারা যদি কখনও আমাকে জাতীয় দলে ডাকে তাহলে অবশ্যই খেলব। আমি যদি বলি বিশ্বকাপ খেলতে চাই না–তাহলে সেটি মিথ্যা বলা হবে।’ এল ইকুইপকে দেওয়া সাক্ষাৎকারে এভাবেই বিশ্বকাপ খেলার ইচ্ছেটুকু প্রকাশ করেন বেনজামা।

আসলে ক্যারিয়ারে অনেক অর্জন থাকলেও বিশ্বকাপটা তাঁর কাছে দূরের কোনো ট্রফি। ক্যারিয়ারের তুঙ্গে থাকতেও বেশ কয়েকটি বিশ্বকাপ খেলা হয়নি তাঁর। প্রায় পনেরো বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে একবারই মাত্র ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে খেলেছিলেন তিনি। ২০১০ সালে তরুণ বেনজামাকে উপেক্ষা করেছিলেন তখনকার কোচ রেমন্ড ডমিনেখ। পরের বিশ্বকাপ খেলতে পারলেও ২০১৮ বিশ্বকাপে যাওয়া হয়নি তাঁর। রাশিয়ায় ফ্রান্সের সেই বিশ্বকাপ দলে জায়গা হয়নি তাঁর একটি বিতর্কিত ‘সেক্স টেপ’-কাণ্ডের জন্য।

২০২১ সালে ফরাসি কোচ দিদিয়ের দেশম তাঁকে ফের দলে ডেকেছিলেন। নিয়ে গিয়েছিলেন ২০২২ কাতার বিশ্বকাপেও। সেখানে প্রথম অনুশীলন সেশনে চোট পেয়ে স্কোয়াডের বাইরে চলে যান। তারপর আর কখনোই ফেরা হয়নি তাঁর। এবারও কোচ হিসেবে আছেন সেই দেশম। বিশ্বকাপ জয়ের মিশনে তিনি নাকি এমবাপ্পের সঙ্গে বেনজামার মতোই অভিজ্ঞ কাউকে খুঁজছেন। বছর আটত্রিশের বেনজামার পক্ষে কি এখনও সম্ভব এমবাপ্পেদের সঙ্গে তাল মিলিয়ে চলা?

শুধু জাতীয় দল নয়, বেনজামাকে এখন ভাবতে হচ্ছে ক্লাব ক্যারিয়ার নিয়েও। সৌদি ক্লাবের সঙ্গে আর ছয় মাসের মতো চুক্তি রয়েছে তাঁর। আল ইত্তিহাদের হয়ে ৫৪ ম্যাচে ৩৪ গোল করেছেন। তবে এরই মধ্যে তাঁর সামনে ইউরোপের অনেক ক্লাবের হাতছানি রয়েছে।

‘সৌদি ফুটবল অনেকটা উন্নতি করেছে। বেশ ভালোই আছি এখানে। যদিও আমার সামনে ইউরোপে ফেরার বেশ কিছু প্রস্তাব রয়েছে।  এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিইনি।’ বেনজামা জানেন বাস্তবটা, রোনালদোর মতো সবার ভাগ্য না। যে কিনা সৌদি লিগে খেললেও পর্তুগাল জাতীয় দলের অন্যতম একজন সদস্য।

আরও পড়ুন

×