দোহায় কাল ফিফা দ্য বেস্ট এর জমকালো আসর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫ | ১৩:৫০ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ | ১৩:৫৩
বিশ্ব ফুটবলের অন্যতম সম্মানজনক পুরস্কার ‘ফিফা দ্য বেস্ট’-এর অপেক্ষা ফুরোল। সংক্ষিপ্ত তালিকা প্রকাশের পর এবার চূড়ান্ত দিনক্ষণ ও ভেন্যু জানিয়ে দিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কাতারের দোহায় বসছে তারকাদের এই মিলনমেলা।
দোহার অভিজাত ফেয়ারমন্ট কাতারা হলের জমকালো গালা ডিনারে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে মূল অনুষ্ঠান। ফুটবলপ্রেমীরা ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি উপভোগ করতে পারবেন এই আয়োজন।
এবারের আসরে ছেলে ও মেয়েদের ফুটবলে বর্ষসেরা খেলোয়াড় ও কোচের পুরস্কার ছাড়াও বর্ষসেরা গোলরক্ষক, সেরা গোল (পুসকাস অ্যাওয়ার্ড), ফেয়ার প্লে অ্যাওয়ার্ড এবং বর্ষসেরা সমর্থক দলসহ মোট ৮টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।
সবার নজর থাকবে ছেলেদের বর্ষসেরা ফুটবলারের ট্রফির দিকে। এই লড়াইয়ে সেরা ১১ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে, লামিনে ইয়ামাল, পেদ্রি, হ্যারি কেইন ও মোহাম্মদ সালাহর মতো তারকারা। এছাড়া দৌড়ে আছেন কোল পালমার, উসমান দেম্বেলে, ভিতিনিয়া, রাফিনিয়া, আশরাফ হাকিমি ও নুনো মেন্দেজ।
ফিফার অন্তর্ভুক্ত সদস্য দেশগুলোর জাতীয় দলের অধিনায়ক, কোচ এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভোটে নির্বাচিত করা হয়েছে বিজয়ীদের। এছাড়া বিশ্বজুড়ে ১ কোটি ৬০ লাখের বেশি সমর্থক অনলাইনে ভোট দিয়ে বিজয়ীদের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে জানিয়েছে ফিফা।
- বিষয় :
- ফিফা দ্য বেস্ট
