মিডিয়া কাপ ক্রিকেট
যুগান্তরকে বড় ব্যবধানে হারাল সমকাল
মিডিয়া কাপে অংশ নেওয়া দৈনিক সমকাল ক্রিকেট দল।
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫ | ১৫:৪৮ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ | ১৮:৩৭
মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে দৈনিক যুগান্তরকে ৪৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে দৈনিক সমকাল। এই জয়ে নক আউট ভিত্তিক টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে চলে গেছে সমকাল।
টুর্নামেন্টটির আয়োজক ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসজেএ (বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশন)। পৃষ্ঠপোষকতা করছে বিপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স।
মঙ্গলবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে সর্বাধিক ৩২ রান করে ও দুই উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হয়েছেন সমকালের বোরহান আজাদ।
সিক্স এ সাইড এই টুর্নামেন্টে টস জিতে ব্যাটিং নিয়ে সমকাল নির্ধারিত ৬ ওভারে ১৩৭ রান তোলে। নিয়ম অনুযায়ী, ৩০ বা তার অধিক রান করায় বোরহান আজাদ রিটায়ারড নক আউট হয়ে মাঠ ছাড়েন। অন্য ব্যাটার মেহেদী হাসান ২৮ রানের ইনিংস খেলেন। তামজিদ হাসান ১১ রান যোগ করেন।
জবাবে নেমে নির্ধারিত ৬ ওভারে ৯২ রান তুলতে পারে যুগান্তর। বল হাতে সমকালের হয়ে বোরহানের দুই উইকেটের পাশাপাশি করিম হোসেন ও তামজিদ হাসান একটি করে উইকেট নেন। দিনের অপর ম্যাচে চ্যানেল-২৪, ঢাকা পোস্ট, এখন টিভি, বাংলাভিশন জয় পেয়েছে।
- বিষয় :
- দৈনিক সমকাল
