ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামে কলকাতায় গ্রিন

আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামে কলকাতায় গ্রিন
×

আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হওয়া বিদেশি ক্রিকেটার গ্রিন। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫ | ১৬:০৯ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ | ১৬:১৭

অস্ট্রেলিয়ার পেস অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে  ২৫ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আইপিএল ইতিহাসে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামী এখন তিনি। 

মঙ্গলবার আবুধাবির ইতিহাদ সেন্টারে শুরু হওয়া নিলামে গ্রিনের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। তাকে দলে নেওয়ার জন্য বিড ধরেছিল রাজস্থান রয়েলস। নিলামে দর বাড়াতে থাকে চেন্নাই সুপার কিংস। পরে রেকর্ড দামে তাকে দলে নিয়েছে শাহরুখ শাহ-জুহি চাওয়ালাদের কেকেআর। 

এ নিয়ে আইপিএলের ১৯তম আসরের নিলাম চলছে। মিনি এই নিলামের আগে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ মূল্য ছিল অজি পেসার মিশেল স্টার্কের। বিরতি দিয়ে আইপিএলে ফেরার মৌসুমে কলকাতা তাকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছিল।  

দেশি ও বিদেশি ক্রিকেটার মিলিয়ে আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশি দামের রেকর্ড ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্তের অধীনে। ভয়াবহ দুর্ঘটনায় ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার মতো ইনজুরিতে পড়ে আইপিএলে ফেরার মৌসুমে তার দাম উঠেছিল ২৭ কোটি রুপি। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দলে নিয়েছিল তাকে। 

আইপিএল নিলামের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছিলেন শ্রেয়াস আইয়ার। গত বছরের নিলামে ২৬ কোটি ৭৫ লাখ রুপি খরচে তাকে দলে নিয়েছিল পাঞ্জাব কিংস। আইয়ার কলকাতাকে আইপিএলের শিরোপা জেতানোর পরের মৌসুমেই দল ছাড়ার ঘোষণা দিয়ে মোটা বেতনে নতুন ক্লাবে যোগ দিয়েছিলেন।

এছাড়া বিদেশি ক্রিকেটারদের ক্যাটাগরি থেকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দিল্লি ক্যাপিটাল বেন ডাকেট ও ডেভিড মিলারকে দলে ভিড়িয়েছে। কিউই ব্যাটার ফিন অ্যালেনকে ২ কোটির ভিত্তিমূল্যে দলে নিয়েছে কেকেআর। ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ২ কোটির ভিত্তিমূল্যে দলে নিয়েছে লক্ষ্ণৌ। ১ কোটির ভিত্তিমূল্যে পুরনো দল মুম্বাই ইন্ডিয়ান্সে নাম লিখিয়েছেন কুইন্টন ডি কক।

দেশি ক্রিকেটারদের মধ্যে ভেঙ্কাটেশ আয়ার ২ কোটির ভিত্তিমূল্য থেকে ৭ কোটি রুপিতে বিক্রি হয়েছেন। তাকে দলে নিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর আগে কেকেআরে ছিলেন তিনি। নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছিল দলটি। 

আরও পড়ুন

×