ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পান্ডিয়া-তিলকের তাণ্ডবে সিরিজ ভারতের

পান্ডিয়া-তিলকের তাণ্ডবে সিরিজ ভারতের
×

ভারতের সিরিজ জয় উদযাপন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫ | ১৪:১৮

অবশেষে স্বরূপে দেখা গেল টি২০তে ভারতের ব্যাটিং। আহমেদাবাদে শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মার ব্যাটিং তাণ্ডবে ৫ উইকেটে ২৩১ রান করে ভারত। জবাবে ৮ উইকেটে ২০১ রানে থামে দক্ষিণ আফ্রিকা। ৩১ রানে জিতে ৩-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। চতুর্থ ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। 

শুভমান গিল না থাকায় অভিষেক শর্মার সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন সঞ্জু স্যামসন। টস হারলেও নতুন ওপেনিং জুটি ভালো সূচনা করে। দ্বিতীয় ওভার থেকেই হাত খুলে খেলতে থাকেন তারা। ইয়ানসেনের প্রথম ওভারে তিনটি চার মারেন অভিষেক। শেষ বলে সঞ্জু মারেন ছয়। ৪.৪ ওভারে তারা ৫১ রান তুলে নেন। ২১ বলে ৩৪ রান করে বোচের বলে পুল করতে গিয়ে উইকেটকিপারের হাতে অভিষেক ধরা পড়লে ভাঙে এ জুটি। সঞ্জু ২২ বলে ৩৭ রান করে বোল্ড হন। অধিনায়ক সূর্যকুমার এদিনও ফর্মে ফেরার ইঙ্গিত দিতে পারেননি। ৭ বলে ৫ রান করে ক্যাচ দেন তিনি। 

এরপরই তাণ্ডব শুরু করেন হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা। দুজনের মধ্যে আবার হার্দিক ছিলেন একটু বেশি খুনে মেজাজে। মাত্র ১৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। তিলক হাফ সেঞ্চুরি করেন ৩০ বলে। তাদের সামনে প্রোটিয়া কোন বোলারই সুবিধা করতে পারেননি। শেষ ওভারে গিয়ে আউট হন দু’জন। চতুর্থ উইকেটে তারা ৪৪ বলে ১০৫ রান যোগ করেন। হার্দিক ২৫ বলে ৬৩ ও তিলক ৪২ বলে ৭৩ রান করেন। প্রোটিয়াদের হয়ে পেসার করবিন বশ দুটি উইকেট নিয়েছেন। জর্জ লিন্ডে ও বার্টম্যান একটি করে উইকেট নেন।

দক্ষিণ আফ্রিকাও দুর্দান্ত শুরু করেছিল। ৬.৩ ওভারে ৬৯ রান যোগ করে প্রথম উইকেট হারায় তারা। রেজা হেনড্রিকস ১২ বলে ১৩ রান করেন। কুইন্টন ডি ককের সঙ্গে তিনে ব্যাটিংয়ে নেমে ডেওয়াল্ড ব্রেভিস ঝড় তোলেন। ১০.২ ওভারে ১২০ রান তুলে প্রোটিয়ারা দ্বিতীয় উইকেট হারায়। ডি কক ৩৫ বলে ৬৫ রান করেন। নয়টি চারের সঙ্গে তিনটি ছক্কা তোলেন তিনি। পরের ওভারে আউট হওয়া ব্রেভিস ১৭ বলে তিন চার ও দুই ছক্কায় ৩৫ রান করেন।

পরের ব্যাটাররা সুবিধা করতে না পারায় হেরেছে প্রোটিয়ারা। চারে নামা ডেভিড মিলার ১৪ বলে ১৮ রান যোগ করেন। এইডেন মার্করাম ৪ বলে ৬ রান করে ফিরে যান। দোনোভান পেরেইরা শূন্য করেন। শেষটায় জর্জ লেন্ডি ৮ বলে ১৬ এবং মার্কো ইয়ানসেন ৫ বলে ১৪ রানের ইনিংস খেলে ভারতকে চাপে রেখেছিল। কিন্তু ১৭ রান করা করবিন বোচ বলের সঙ্গে রানের সমন্বয় করতে পারেননি। তিনি ১৫ বল খেলেন। বরুণ চক্রবর্তী ৪টি ও জাসপ্রিত বুমরাহ ২ উইকেট দখল করেন। 

আরও পড়ুন

×