ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ভারতকে হারানোর ম্যাচে বাফুফেকে এএফসির জরিমানা

ভারতকে হারানোর ম্যাচে বাফুফেকে এএফসির জরিমানা
×

ছবি- বাফুফে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫ | ১৮:১৬

২২ বছর পর ভারতকে হারানোর সুখস্মৃতিতে কিছুটা হলেও দাগ লাগাল এএফসির শাস্তি। মাঠের লড়াইয়ে ঐতিহাসিক জয় পেলেও অব্যবস্থাপনার কারণে জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে দ্বিতীয়ার্ধের খেলা দেরিতে শুরু হওয়ায় বাফুফেকে ১ হাজার ২৫০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫৩ হাজার টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

গত ১৮ নভেম্বর পল্টনের জাতীয় স্টেডিয়ামে শেখ মোরসালিনের একমাত্র গোলে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। গ্যালারিতে দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস আর মাঠের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। কিন্তু বিপত্তি ঘটে সময়ের হিসাবে। এএফসি জানিয়েছে, ম্যাচটির দ্বিতীয়ার্ধের খেলা নির্ধারিত সময়ের চেয়ে ১ মিনিট ৪৩ সেকেন্ড দেরিতে শুরু হয়েছিল। গত ১৭ ডিসেম্বর এএফসির শৃঙ্খলা ও নীতি কমিটি এই ভুলের জন্য বাফুফেকে আর্থিক দণ্ডের সিদ্ধান্ত জানায়।

একই অপরাধে প্রতিপক্ষ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকেও (এআইএফএফ) ১ হাজার ডলার জরিমানা করা হয়েছে। তবে ভারতের চেয়ে বাংলাদেশের জরিমানার অঙ্ক বেশি হওয়ার কারণ ‘রিপিট অফেন্স’ বা পুনরাবৃত্তি। এএফসি জানিয়েছে, গত এক বছরে বাফুফে একই ভুল দ্বিতীয়বার করেছে। এর আগে গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেও খেলা দেরিতে শুরু করায় দেড় হাজার ডলার জরিমানা গুনেছিল বাফুফে।

এএফসির শৃঙ্খলা নীতিমালার ১১.৩ ধারা অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে জরিমানার এই অর্থ পরিশোধ করতে হবে বাফুফেকে।

এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে বর্তমানে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। অন্যদিকে ১১ পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করে ফেলেছে সিঙ্গাপুর। আগামী ৩১ মার্চ সেই সিঙ্গাপুরের বিপক্ষেই বাছাইপর্বের শেষ ম্যাচে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

আরও পড়ুন

×