ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইউরোপের ধাঁচে এশিয়ায় ‘নেশন্স লিগ’ চালু করছে এএফসি

ইউরোপের ধাঁচে এশিয়ায় ‘নেশন্স লিগ’ চালু করছে এএফসি
×

ছবি- বাফুফে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫ | ২০:১০

এশিয়ান ফুটবলের মানোন্নয়ন ও বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে ইউরোপের ধাঁচে নতুন টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। রোববার এক বিবৃতিতে মহাদেশীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, শিগগিরই তারা ‘এএফসি নেশন্স লিগ’ নামে একটি প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছে।

২০১৮ সালে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ‘নেশন্স লিগ’ চালু করে ব্যাপক সাড়া ফেলেছিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের বদলে প্রতিযোগিতামূলক ম্যাচের সংখ্যা বাড়ানোই ছিল এর লক্ষ্য। সেই পথেই এবার হাঁটছে এশিয়া।

কুয়ালালামপুরভিত্তিক সংস্থাটি জানিয়েছে, ফিফার বিদ্যমান আন্তর্জাতিক উইন্ডোর মধ্যেই ক্লাব ফুটবলের সূচির সঙ্গে সমন্বয় করে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। তবে কবে নাগাদ এটি মাঠে গড়াবে, তার সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

এএফসির সাধারণ সম্পাদক উইন্ডসর জন বলেন, ‘এএফসি নেশন্স লিগ আমাদের ৪৭টি সদস্য দেশের ফুটবলের উন্নয়নে দীর্ঘমেয়াদি অঙ্গীকারের একটি নতুন ধাপ। একটি সুসংগঠিত কাঠামোর মাধ্যমে আমরা জাতীয় দলগুলোর জন্য নিয়মিত উচ্চমানের ম্যাচ নিশ্চিত করতে চাই। পাশাপাশি ভ্রমণ, আয়োজন ও ব্যয়সংক্রান্ত চ্যালেঞ্জগুলোর কার্যকর সমাধান খোঁজারও চেষ্টা করছি আমরা।’

বর্তমানে চার বছর পরপর এশিয়ান কাপ আয়োজন করে থাকে এএফসি। আগামী ২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের ২৪ দলের চূড়ান্ত পর্ব। এএফসির প্রত্যাশা, নেশন্স লিগ চালু হলে এশিয়ার দলগুলো নিয়মিত ভালো মানের প্রতিপক্ষের সঙ্গে খেলার সুযোগ পাবে, যা মহাদেশীয় ফুটবলের সামগ্রিক মান বাড়াতে সহায়তা করবে।

আরও পড়ুন

×